Gosaba : গোসাবার পরিত্যক্ত বাড়ি থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, পুলিশি জেরায় স্বীকার ধৃত দুই অভিযুক্তের !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করল পুলিশ। গত ১৭ জুলাই জীবনতলা থেকে গ্রেফতার হওয়া দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই এই উদ্ধার।
পুলিশ সূত্রে খবর, গত ১৭ জুলাই জীবনতলা এলাকা থেকে একটি পুরনো মামলায় সুবিদ আলী ঢালী ওরফে ‘ঝড়ো’ এবং মনিরুল পাইলেনকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়।
জেরার মুখে অভিযুক্তরা জানায়, গোসাবার একটি পরিত্যক্ত বাড়িতে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ লুকিয়ে রাখা আছে। সেই তথ্যের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ এখনও চলছে। এই অস্ত্র অন্য কোনও অপরাধমূলক কাজে ব্যবহৃত হয়েছে কি না এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে বড়সড় অস্ত্র উদ্ধার। গোটা ঘটনার তদন্তে নেমেছে গোসাবা থানার পুলিশ।
