আজকের দিনেআবহাওয়া

দ্বিতীয় দফার আগেই কালবৈশাখীর এন্ট্রি ! কলকাতা সহ ভিজবে দক্ষিণবঙ্গ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- দক্ষিণবঙ্গ জুড়ে যখন তীব্র দাবদাহ আর লু-এর দাপটে জনজীবন নাজেহাল, ঠিক তখনই স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আজ শনিবার থেকেই রাজ্যের আবহাওয়ায় বড়সড় বদল আসতে চলেছে। প্যাচপ্যাচে গরম কমিয়ে শুরু হতে পারে কালবৈশাখী আর ঝমঝমিয়ে বৃষ্টি। মূলত উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই এই আবহাওয়ার পরিবর্তন।

হাওয়া অফিস সূত্রের খবর, রবিবার থেকে মঙ্গলবার কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শনিবার থেকেই দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ঝড়বৃষ্টি শুরু। উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবার থেকে মঙ্গলবার ঝড় বৃষ্টির প্রভাব বেশি থাকলেও, বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।

সপ্তাহান্তে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং সহ পাঁচ জেলায় ঝড়বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়া মালদা, দুই দিনাজপুরেও বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে।৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।

শনিবার ও রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং সহ পার্বত্য জেলাগুলিতে। হাওয়া অফিসের পূর্বাভাস মতোই, উত্তরবঙ্গে তাণ্ডব দেখাতে শুরু করেছে কালবৈশাখী।

উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে আবার ঢুকতে শুরু করেছে। তাতে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। তবে শনিবার পর্যন্ত গরমের অস্বস্তিও জারি থাকবে। জলীয় বাষ্প বাতাসে বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *