CJP Withdraws Protest : সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার CJP-র, ৪ সপ্তাহ পর ফের কেন্দ্রের সঙ্গে বৈঠক !
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- কেন্দ্রীয় সরকারের লিখিত গ্যারান্টি পাওয়ার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল CJP। শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেয় সংগঠনের নেতৃত্ব।
দীর্ঘদিন ধরেই বিভিন্ন দাবি নিয়ে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালাচ্ছিল CJP। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বে না বলে অনড় ছিল সংগঠন।
এই পরিস্থিতিতে শুক্রবার কেন্দ্রীয় বিজেপি সভাপতি তথা স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকে বসেন CJP-র শীর্ষ নেতারা। বৈঠকে কেন্দ্রের তরফে জানানো হয়, CJP-র তোলা মূল দাবিগুলি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে CJP নেতৃত্ব বলেন, “সরকার আমাদের দাবি মেনে নেওয়ার গ্যারান্টি দিয়েছে। সেই কারণেই আপাতত আন্দোলন প্রত্যাহার করছি।”
একই সঙ্গে যন্তর মন্তরে জড়ো হওয়া আন্দোলনকারীদেরও অবিলম্বে ঘরে ফেরার নির্দেশ দেওয়া হয়। তবে সরকারের প্রতিশ্রুতি কতটা রূপায়িত হয় তা দেখার জন্য ৪ সপ্তাহ পর আবার কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসবে CJP।
সরকারের প্রতিশ্রুতিতেই আপাতত শান্ত হল যন্তর মন্তর। CJP নেতৃত্ব স্পষ্ট জানিয়েছেন, ৪ সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে আবার বৃহত্তর আন্দোলনে নামা হবে।
এখন সব নজর কেন্দ্রের পরবর্তী পদক্ষেপের দিকে। দেখার বিষয়, প্রতিশ্রুতি রক্ষা করে সরকার নাকি আবার উত্তাল হয় রাজপথ।
