Cricket : হারারেতে তরুণদের দাপট, বৈভব-ময়ঙ্কের নজিরে জিম্বাবোয়েকে উড়িয়ে জয় শ্রেয়সের ভারতের !
কিউ ইন্ডিয়া বাংলা, হারারে :- শ্রেয়স আইয়ারের নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টিতেই জয় পেল টিম ইন্ডিয়া। হারারেতে জিম্বাবোয়েকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। ম্যাচের দুই নায়ক ১৫ বছরের বৈভব সূর্যবংশীর রেকর্ড হাফসেঞ্চুরি এবং ২১ মাস পর কামব্যাকে আগুন ঝরানো ময়ঙ্ক যাদব।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং তরুণ বোলাররা তাঁর সেই ভরসার পূর্ণ মর্যাদা রাখেন। ২০২৪ সালের অক্টোবরের পর জাতীয় দলে ফিরেই ময়ঙ্ক যাদব প্রথম বলে ১৪৯ কিলোমিটার গতিতে বেনেটকে বোল্ড করে দেন। শুধু গতিই নয়, তাঁর লাইন-লেংথেও ছিল অসাধারণ নিয়ন্ত্রণ। অন্য প্রান্ত থেকে প্রিন্স যাদব তুলে নেন বেন কারানের উইকেট। অভিষেক হওয়া অশোক শর্মাও ভালো ছন্দে ছিলেন। এরপর শিবম দুবে ফেরান জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজাকে। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে শেষদিকে কিছুটা লড়াই করে জিম্বাবোয়ে ৭ উইকেটে ১২৫ রানে থামে।
১২৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন প্রত্যাবর্তন ঘটানো বৈভব সূর্যবংশী। মাত্র ১৮ বলে তিনি দেশের জার্সিতে প্রথম হাফসেঞ্চুরি করে ফেলেন। তাঁর ৪টি চার ও ৪টি ছক্কায় সাজানো ইনিংস জিম্বাবোয়ের বোলিংকে একেবারে এলোমেলো করে দেয়। এই ইনিংসের হাত ধরে ১৫ বছর ১৮ দিন বয়সে দেশের জার্সিতে দ্রুততম টি-টোয়েন্টি হাফসেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন বৈভব। ভেঙে দেন জিব্রাল্টারের লুইস ব্রুস ও আফগানিস্তানের গুরবাজের রেকর্ড। উল্লেখ্য এই হারারে মাঠেই ৪ মাস আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। অভিষেক শর্মা ১ রানে আউট হলেও ঈশান কিষান ২৪ বলে ৩৫ এবং অধিনায়ক শ্রেয়স আইয়ার ২৮ রানে অপরাজিত থেকে মাত্র ১৩.২ ওভারেই জয় নিশ্চিত করেন।
ইংল্যান্ড সিরিজের হতাশা ঝেড়ে ফেলে এই জয় ভারতের জন্য বড় স্বস্তি। শ্রেয়সের নেতৃত্বে তরুণ ব্রিগেড যে সাহস ও আগ্রাসন দেখাল, তা ভবিষ্যতের জন্য বড় ইঙ্গিত। বৈভবের রেকর্ড আর ময়ঙ্কের কামব্যাক মিলিয়ে এই ম্যাচ মনে করিয়ে দিল, ভারতীয় ক্রিকেটের বেঞ্চ স্ট্রেংথ এখনও বিশ্বের সেরা।
