MODI : নিট প্রশ্নফাঁসে কড়া পদক্ষেপের ঘোষণা, মধ্যরাতে ভিডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি !
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি বরদাস্ত করা হবে না। নিট প্রশ্নফাঁসের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তি দিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার মধ্যরাতে এক ভিডিও বার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
শুক্রবার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদী বলেন, “আমি জানি প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি কোনও সাধারণ বা তুচ্ছ বিষয় নয়। এটি লক্ষ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ও কষ্টদায়ক।” তিনি জানান, গত আড়াই মাসে এই ঘটনার পর একাধিক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দোষীদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে।
শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করতেই স্বল্পতম সময়ের মধ্যে প্রায় ২ লক্ষ পরীক্ষার্থীর জন্য নতুন করে পরীক্ষার আয়োজন করা হয় এবং ১৯ তারিখে ফলাফল প্রকাশ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, ফাস্ট ট্র্যাক আদালত ও কঠোর শাস্তির বিধান সংবলিত খসড়া ইতিমধ্যেই তাঁর কাছে জমা পড়েছে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এটি আলোচনার জন্য তোলা হবে। সোমবার থেকে শুরু হওয়া সংসদের দ্বিতীয় সপ্তাহেই বিলটি দ্রুত পাস করানোর চেষ্টা করবে সরকার।
প্রশ্নফাঁস রুখতে আইনি কড়াকড়ির পথেই হাঁটছে কেন্দ্র। ফাস্ট ট্র্যাক বিচার ও কঠোর শাস্তির মাধ্যমে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার বলে স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী।
