NOWDA : নওদায় রহস্যমৃত্যু! নদী থেকে উদ্ধার বিজেপি কর্মীর হাত-পা বাঁধা দেহ, তদন্তে পুলিশ
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- মুর্শিদাবাদের নওদায় ফের রাজনৈতিক চাঞ্চল্য। জলঙ্গী নদী থেকে উদ্ধার হল এক বিজেপি কর্মীর হাত-পা বাঁধা মৃতদেহ। নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যেই গোঘাটা এলাকায় এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র আতঙ্ক (NOWDA )।
মৃতের নাম গোপীনাথ হালদার, বয়স ৪০। বাড়ি নওদা থানার গোঘাটা এলাকায়। পরিবারের দাবি, গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। বহু খোঁজাখুঁজির পর সোমবার সকালে স্থানীয়রা জলঙ্গী নদীতে একটি দেহ ভাসতে দেখেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে দেখে, দুই হাত এবং দুই পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। এরপরই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। গোপীনাথ হালদার এলাকায় বিজেপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। ঘটনার পরেই তাঁর পরিবার এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব খুনের অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, রাজনৈতিক কারণেই এই খুন (NOWDA)।
অন্যদিকে পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা। পাশাপাশি সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। এখনই কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে নওদা থানা। এই ঘটনার পর থেকেই গোঘাটা এবং সংলগ্ন এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।
একজন রাজনৈতিক কর্মীর এভাবে মৃত্যুতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এলাকার নিরাপত্তা নিয়ে। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশি তদন্তের পরই স্পষ্ট হবে এটি পরিকল্পিত খুন নাকি অন্য কিছু। আপাতত গোটা এলাকায় থমথমে পরিস্থিতি।
