BANKURA : বাঁকুড়ার স্কুলে গাঁজা-কনডম বিক্রির অভিযোগ, কোটি টাকার বাড়ি প্রধান শিক্ষকের!
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- স্কুলের ছাত্রাবাসেই চলছে গাঁজা থেকে কনডম বিক্রি (BANKURA)। অভিযোগের তির বাঁকুড়ার মধুবন গোয়েঙ্কা হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অবৈধ কারবার করে কোটি টাকার বাড়ি তৈরিরও অভিযোগ উঠেছে। ঘটনায় উত্তাল পাপুড়ডিহি গ্রাম। বিক্ষোভে সামিল অভিভাবক থেকে শিক্ষকরা। খবর পেয়ে স্কুলে পৌঁছেছে পুলিশ।
সূত্রের খবর,বাঁকুড়া ১ নম্বর ব্লকের পাপুড়ডিহি গ্রামে অবস্থিত মধুবন গোয়েঙ্কা হাই স্কুল। অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্কুল চত্বর জুড়ে চলছে নানা অবৈধ কাজকর্ম। স্কুলের মধ্যেই নাকি গাঁজা ও কনডম বিক্রি হচ্ছে। বিষয়টি নিয়ে বারবার প্রধান শিক্ষককে জানানো হলেও তিনি কোনও ব্যবস্থা নেননি। উল্টে অভিভাবক ও শিক্ষকদের ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ। অভিভাবকদের আরও দাবি, এই অবৈধ কাজের মাধ্যমে প্রধান শিক্ষক মাসে লক্ষ টাকা রোজগার করছেন এবং সেই টাকায় কোটি টাকার বাড়ি বানিয়েছেন (BANKURA)।
অভিযোগ চাউর হতেই সোমবার স্কুলে এসে বিক্ষোভ দেখান গ্রামবাসী ও অভিভাবকরা। উত্তেজনা বাড়লে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এই বিষয়ে বাঁকুড়া জেলা স্কুল পরিদর্শক জানিয়েছেন, গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, “এই ধরনের অবৈধ কার্যকলাপের ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এবং সমাজে একটি অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হচ্ছে।”
এখনও পর্যন্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনও সরকারি পদক্ষেপের কথা জানা যায়নি। তবে পুলিশি তদন্ত ও জেলা স্কুল পরিদর্শকের হস্তক্ষেপের পর কী ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই তাকিয়ে গোটা এলাকা। ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ ফেরাতে দ্রুত কড়া পদক্ষেপের দাবি তুলেছেন অভিভাবকরা।
