আজকের দিনেবাংলার আয়না

Canning : ভর সন্ধ্যায় ক্যানিংয়ের নিকারীঘাটায় মাছবাজার থেকে রক্তাক্ত যুবকের দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায় !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের নিকারীঘাটা পঞ্চায়েত এলাকার সাতমুখী মাছবাজার থেকে রবিবার সন্ধ্যায় এক অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয়দের দাবি, রবিবার ভর সন্ধ্যায় নিকারীঘাটার সাতমুখী মাছবাজারে স্বাভাবিক কেনাবেচা চলছিল। সেই সময় বাজারের এক কোণে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন কয়েকজন ক্রেতা ও ব্যবসায়ী। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ক্যানিং থানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহের পাশে রক্তের দাগ দেখা যায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ধারালো অস্ত্রের আঘাতে তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। তবে কী কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয়।
দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ক্যানিং মহকুমা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয় পুলিশ। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তেই মাছবাজার এলাকায় ভিড় জমে যায়। ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য।
এখনও পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৫-৩০ বছর। পরনে ছিল জিন্স ও গেঞ্জি। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে।
এই ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, সন্ধ্যার পর মাছবাজার এলাকায় আলো কম থাকে এবং পুলিশি টহলও নিয়মিত হয় না।

ঘটনাকে কেন্দ্র করে নিকারীঘাটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান এটি পরিকল্পিত খুন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে না বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *