Border : মুখ্যমন্ত্রী শুভেন্দুকে পাশে নিয়ে শাহের ঘোষণা: সীমান্তে বসবে স্মার্ট কাঁটাতার, হবে ১০টি নতুন ফাঁড়ি !
কিউ ইন্ডিয়া বাংলা, শিলিগুড়ি :- ‘চিকেনস নেক’ অর্থাৎ শিলিগুড়ি করিডরের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে বড় ঘোষণা কেন্দ্রের। জলপাইগুড়ির জুম্মাগছ সীমান্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন — সীমান্তে বসবে অত্যাধুনিক ত্রিস্তরীয় স্মার্ট কাঁটাতার এবং তৈরি হবে ১০টি নতুন বর্ডার আউটপোস্ট।
শনিবার সকালে প্রথমে জলপাইগুড়ির ফুলবাড়ির জুম্মাগছ বিএসএফ আউটপোস্টে পৌঁছন অমিত শাহ। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্তের ওয়াচ-টাওয়ারে উঠে বাইনোকুলারে মহানন্দা নদী ওপারের বাংলাদেশ সীমান্ত পর্যবেক্ষণ করেন দুজনেই। জওয়ানদের সঙ্গে কথা বলে তাদের থাকা, খাওয়া ও পরিকাঠামোগত সমস্যার কথাও শোনেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পরিদর্শনের পরই শাহ স্পষ্ট করে দেন, রাজ্যে পালাবদলের পর সীমান্তে জমি জট কেটেছে। তাই কাঁটাতারের বেড়া তৈরির কাজ আর দেরি করা হবে না। অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করতে বসানো হবে অত্যাধুনিক ত্রিস্তরীয় ‘স্মার্ট ফেন্সিং’। নদী ও দুর্গম এলাকায় থাকবে ভার্চুয়াল ফেন্সিং, মোশন সেন্সর ও থার্মাল ইমেজিং ক্যামেরা। যাতে রাতের অন্ধকারেও নজর এড়ানো না যায়।
একই সঙ্গে রাজ্যে ১০টি নতুন বর্ডার আউটপোস্ট তৈরির কথা ঘোষণা করেন তিনি। এর মধ্যে ২টি হবে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারে। বিএসএফ-এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজিকে তিনি নির্দেশ দেন মহানন্দার উন্মুক্ত নদীপথে ২৪ ঘণ্টা নজরদারি বাড়াতে এবং সন্দেহজনক গতিবিধি রুখতে কড়া পদক্ষেপ নিতে।
জুম্মাগছ বেছে নেওয়ার কারণও এদিন স্পষ্ট হয়। গোয়েন্দা সূত্রে খবর, এই গ্রামটি অত্যন্ত স্পর্শকাতর। এখান থেকে রাবভিটার দূরত্ব মাত্র ২.৫ কিমি। বর্ষায় মহানন্দার জল বাড়লে নৌকা করে বাংলাদেশ থেকে সহজেই এই ‘চিকেনস নেক’ এলাকায় ঢোকা যায়। তাই এই পয়েন্টকেই পাইলট প্রজেক্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে।
এদিন ৭৭.০৬ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনও করেন শাহ। পরে শিলিগুড়ির উত্তরকন্যায় উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে রাজ্যের প্রশাসনিক কর্তা ও বিএসএফ-এর শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।
রাজনৈতিক ভাবেও এই সফর তাৎপর্যপূর্ণ। সম্প্রতি বাংলাদেশের তিস্তায় চিনা ইঞ্জিনিয়ারদের কাজ বেড়েছে। ভারতীয় সীমান্ত থেকে মাত্র ১২ কিমি দূরে তাদের গতিবিধি নজরে আসতেই দিল্লি উত্তর-পূর্বের নিরাপত্তা বলয় আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে।
স্মার্ট ফেন্সিং ও ১০টি নতুন ফাঁড়ির ঘোষণার মাধ্যমে কেন্দ্র বুঝিয়ে দিল — শিলিগুড়ি করিডরের সুরক্ষা এখন ‘ন্যাশনাল প্রায়োরিটি’। শুভেন্দুকে পাশে নিয়ে শাহের এই বার্তা একদিকে যেমন সীমান্ত সুরক্ষা, অন্যদিকে রাজ্য-কেন্দ্র সমন্বয়ের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিল।
