আজকের দিনেগ্রীন রুমতিলোত্তমা

ফেডারেশন ভাঙাকে কেন্দ্র করে রণক্ষেত্র টালিগঞ্জ স্টুডিওপাড়া, ইঁট-পাটকেল-ডিম বৃষ্টি

কিউ ইন্ডিয়া বাংলা :- ফেডারেশনের গোলমালে বুধবার উত্তপ্ত হয়ে উঠল টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর। দুই পক্ষের মধ্যে অশান্তি চরমে ওঠে। একে অন্যকে লক্ষ্য করে ইঁট, পাটকেল, ঢিল, ডিম ছোড়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় রিজেন্ট পার্ক থানার বিশাল পুলিশ বাহিনী।

টলিউড সূত্রে খবর, মঙ্গলবার ফেডারেশনের একটি মিটিংয়ে সংগঠন ভেঙে দেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। বাবাই ও হাসান নামে ফেডারেশনের দুই পদাধিকারীকে পদ ছাড়তে বলেন তিনি। সেই রেশ ধরেই বুধবার ফের টেকনিশিয়ান্স স্টুডিওতে ফেডারেশনের মিটিং ডাকা হয়। মিটিং শুরু হতেই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পদ ধরে রাখতে বাবাই, হাসান ও তাঁদের অনুগামীরা জোর করে ঝামেলা পাকাচ্ছে বলে অভিযোগ করে একপক্ষ। পাল্টা অন্য পক্ষের দাবি, যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা কেউ গিল্ডের সদস্যই নয়। কথা কাটাকাটি থেকে হাতাহাতি এবং পরে ইঁট-পাটকেল, ঢিল ও ডিম ছোড়াছুড়ি শুরু হয়। ঝামেলা বাড়তে থাকায় স্থানীয় ভরার মাঠে বৈঠক সরিয়ে নিয়ে যাওয়া হলেও সেখানে অশান্তি আরও বেড়ে যায়। সংবাদমাধ্যমের কর্মীদের খবর সংগ্রহ করতেও বাধা দেওয়ার অভিযোগ ওঠে একাংশের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রিজেন্ট পার্ক থানার পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। গোটা এলাকা থমথমে।

টালিগঞ্জের স্টুডিওপাড়ায় ফেডারেশন নিয়ে এই ক্ষমতার লড়াই নতুন নয়। কিন্তু এবার তা রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল। বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর হস্তক্ষেপের পর সংগঠনের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আপাতত পুলিশি পাহারায় রয়েছে স্টুডিও চত্বর। দু’পক্ষই থানায় পাল্টা অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। শুটিংয়ের কাজেও এর প্রভাব পড়ার আশঙ্কা করছেন প্রযোজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *