আজকের দিনেখেলাবিশ্ব

FIFA Worldcup 26 : যন্ত্রণা সঙ্গী করেই ফাইনালে এমি মার্টিনেজ! ভাঙা আঙুল নিয়েই স্পেনের বিরুদ্ধে নামছেন আর্জেন্টিনার দেওয়াল !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউ ইয়র্ক:- বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে বড় ঘোষণা আর্জেন্টিনার গোলরক্ষকের। অস্ত্রোপচার পিছিয়ে, আঙুলের অসহ্য যন্ত্রণা নিয়ে গোটা টুর্নামেন্ট খেলে ফেলেছেন এমিলিয়ানো ‘এমি’ মার্টিনেজ। স্পেনের বিরুদ্ধে শেষ ম্যাচেও তিনিই থাকবেন গোলের নিচে।

সাংবাদিক সম্মেলনে এমি মার্টিনেজ নিজেই জানালেন তাঁর শারীরিক অবস্থার কথা। “হাতে এখনও প্রতিদিন ব্যথা হয়। ডাক্তাররা সবাই অস্ত্রোপচারের কথা বলেছেন। গ্রুপ পর্বে ঠিকমতো অনুশীলনও করতে পারিনি। কিন্তু নকআউট শুরু হওয়ার পর আর পিছনে তাকাইনি।”

কাতারে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টাইব্রেকার, ফ্রান্সের বিরুদ্ধে ফাইনাল — ৩৬ বছর পর বিশ্বকাপ এনে দেওয়ার নেপথ্যে তিনিই ছিলেন। এবারও আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা তিনি।
“এই দলটা বছরের পর বছর কষ্ট করে এখানে এসেছে। যা পেয়েছি ভাবলে মাঝে মাঝে একা বসে কাঁদি। দুটো বিশ্বকাপ জিতে অবসরের কথা ভেবেছিলাম, কিন্তু আগে জিততে হবে,” বলেন এমি মার্টিনেজ।

সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হারের পর দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে খুশি তিনি। “আগেরবারের চেয়ে এবার বেশি উপভোগ করছি। পেনাল্টিতে দলকে সাহায্য করতে পেরেছি। রবিবার মাঠে নামব, আমাকে হাসিমুখেই দেখবে সবাই।”

সমালোচনা নিয়েও ভাবেন না এমি। “গোল খাবই। কিন্তু পরের ম্যাচে আবার আমি। গ্লাভস হাতে নিলেই সব আত্মবিশ্বাস ফিরে আসে।”
ফাইনালের প্রতিপক্ষ স্পেন প্রসঙ্গে তাঁর মন্তব্য, “ওরা দারুণ দল। লামিন ইয়ামাল থেকে গোটা স্কোয়াড শক্তিশালী। যোগ্য দল হিসাবেই ফাইনালে। কিন্তু আমাদেরও অস্ত্র আছে। এমন একটা ম্যাচ হবে যেটা ফুটবলপ্রেমীরা মনে রাখবে।”

ভাঙা আঙুল, যন্ত্রণা, সমালোচনা — কিছুই থামাতে পারেনি এমি মার্টিনেজকে। দেশের জার্সির জন্য শেষ বাধাটাও হাসিমুখে টপকে যেতে চান আর্জেন্টিনার এই বিশ্বজয়ী গোলরক্ষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *