আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Amit Shah : নজরে ‘চিকেনস নেক’, উত্তরকন্যায় উচ্চপর্যায়ের সীমান্ত বৈঠক শাহের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, শিলিগুড়ি :- স্পর্শকাতর ‘চিকেনস নেক’ অর্থাৎ শিলিগুড়ি করিডর থেকে শুরু হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তিনদিনের বঙ্গ সফর। শুক্রবার রাতে বাগডোগরায় পৌঁছে শনিবার উত্তরকন্যায় একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি।

শুক্রবার রাত ৯টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাতে তিনি থাকবেন শিলিগুড়ির কদমতলায় বিএসএফ ক্যাম্পে।

শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ভারত-বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ির জুমাগছে যাবেন। সেখানে বিএসএফের ১৮ ব্যাটালিয়নের প্রহরী সম্মেলন, সীমান্ত পরিদর্শন, বৃক্ষরোপণ ও একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন। প্রহরী সম্মেলন চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

দুপুর ২টায় তিনি পৌঁছবেন উত্তরকন্যায়। হলুদ রঙে সাজানো হয়েছে গোটা ভবন। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ৩টি বৈঠক। আলোচ্য বিষয়: চিকেনস নেক-এর নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ রোধ, কেন্দ্র-রাজ্য সমন্বয়, নতুন ফৌজদারি আইন কার্যকর ও জন্ম-মৃত্যু নিবন্ধন।

সন্ধ্যা সাড়ে ৮টা নাগাদ শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশে রওনা হবেন অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে বাগডোগরা থেকে উত্তরকন্যা পর্যন্ত তোরণ ও নিরাপত্তা জোরদার। রবিবার আলিপুরের ‘সৌজন্য’ গেস্ট হাউসে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, “উত্তরবঙ্গ সহ সীমান্ত এলাকায় এতদিন রাজ্যের অসহযোগিতায় বেড়া দেওয়া সম্ভব হয়নি। পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জমি হস্তান্তর করেছেন। তাই নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় হচ্ছে।”

উচ্চ পর্যায়ের এই সফরে সীমান্ত নিরাপত্তা, রাজ্যের আইন-শৃঙ্খলা এবং উন্নয়ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ‘চিকেনস নেক’-এর নিরাপত্তাও তাই এখন রাজ্য রাজনীতির মূল ফোকাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *