টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা, আরও কয়েক দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- টানা ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলা। কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় জনজীবন ব্যাহত হয়েছে। তবে স্বস্তির খবর নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে আগামী কয়েক দিন রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে। কোথাও ভারী, কোথাও আবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শনিবার,বিশেষ করে কলকাতা,হাওড়া,বীরভূম,মুর্শিদাবাদ,নদীয়া,পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যান্য জেলাতেও মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের মতে, সোমবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে।
উত্তরবঙ্গে আরও সতর্কতা
উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে।কমলা সতর্কতা জারি হয়েছে—দার্জিলিং,জলপাইগুড়ি,আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এছাড়াও কালিম্পং,কোচবিহার,মালদা,উত্তর দিনাজপুর,দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতেও ভারী বৃষ্টির পাশাপাশি ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
কেন বাড়ছে বৃষ্টির দাপট?
বর্তমানে মৌসুমী অক্ষরেখা উত্তর-পশ্চিম ভারত থেকে উত্তরপ্রদেশ, বিহার হয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঊর্ধ্ব বায়ু ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবেই রাজ্যজুড়ে বৃষ্টির পরিমাণ বাড়ছে।
রবিবার থেকে আরও বাড়বে বৃষ্টি আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে।উত্তরবঙ্গে কমলা সতর্কতা থাকবে দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়ি,কোচবিহার,আলিপুরদুয়ার এছাড়া মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
