আজকের দিনেতিলোত্তমা

রেকর্ড ভাঙা বজ্রপাত কলকাতায়! মাত্র ১২০ মিনিটে ৩৭৭টি বিদ্যুতের ঝলকানির কারণ কী?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- বৃহস্পতিবার দুপুরে কলকাতা সহ আশপাশের এলাকার আবহাওয়া দিনের আলো থাকতে না থাকতেই ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। তারপর শুরু হয় প্রবল ঝোড়ো হাওয়া, মুষলধারে বৃষ্টি এবং একের পর এক বজ্রপাত। এমন তীব্র বজ্রঝড় বহুদিন পর দেখল শহরবাসী। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মাত্র দুই ঘণ্টার মধ্যে ৩৭৭টিরও বেশি বজ্রপাত রেকর্ড হয়েছে, যা স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

আবহাওয়াবিদদের ব্যাখ্যা অনুযায়ী, এই পরিস্থিতির মূল কারণ ছিল দ্রুত বজ্রগর্ভ মেঘের সৃষ্টি। বর্তমানে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বায়ুমণ্ডলে আর্দ্রতা ও অস্থিরতা অনেকটাই বেড়ে যায় ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এদিন আকাশে বিশাল আকারের কিউমুলোনিম্বাস বা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল। এই মেঘের মধ্যে বিপুল পরিমাণ বৈদ্যুতিক চার্জ জমা হয়। যখন ওই চার্জের ভারসাম্য নষ্ট হয় তখনই ঘন ঘন বজ্রপাতের ঘটনা ঘটে। বৃহস্পতিবার কলকাতার আকাশে ঠিক এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল যার ফলে অল্প সময়ের মধ্যে এত বেশি বজ্রপাত রেকর্ড করা সম্ভব হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে। তাই প্রয়োজন না থাকলে খোলা জায়গায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় গাছের নিচে বা খোলা মাঠে আশ্রয় নেওয়া বিপজ্জনক হতে পারে। নিরাপদ পাকা ঘর বা ভবনের ভিতরে থাকাই সবচেয়ে নিরাপদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *