আজকের দিনেখেলাবিশ্ব

FIFA Worldcup 2026 : মেসিকে পাল্টা জবাব: রেকর্ডের ম্যাচে রোনাল্ডোর জোড়া গোল, ৫-০ জিতে নকআউটের দোরগোড়ায় পর্তুগাল !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- প্রথম ম্যাচের সমালোচনার জবাব দিলেন জোড়া গোল করে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নৈপুণ্যে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের নকআউটের দৌড়ে টিকে রইল পর্তুগাল। শেষ ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করলেই পরের রাউন্ড নিশ্চিত।

কঙ্গোর বিরুদ্ধে হতশ্রী পারফরম্যান্সের পর রোনাল্ডোকে প্রথম একাদশে রাখা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে কোচ রবার্তো মার্তিনেজ আস্থা রাখেন তাঁর উপর। ৪ মিনিটে সহজ সুযোগ নষ্ট করে সমালোচনা আরও বাড়ান রোনাল্ডো। নুনো মেন্দেসের ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন তিনি।

কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বদলে যায় চিত্রনাট্য। পেদ্রো নেতোর পাস থেকে দুরূহ কোণে চলতি বলেই শট নিয়ে দলকে এগিয়ে দেন সিআরসেভেন। গোলের পর ডাগআউটে ছুটে গিয়ে সতীর্থদের কোলে উঠে উচ্ছ্বাস প্রকাশ করেন।

দ্বিতীয় গোলে সরাসরি অবদান না থাকলেও বুদ্ধির ছাপ রাখেন রোনাল্ডো। ফ্রিকিকের সময় মেন্দেসকে শট নিতে ইঙ্গিত দেন, এবং মেন্দেস গোল করেন। তৃতীয় গোলে ব্রুনো ফের্নান্দেজ়ের পাস থেকে চলতি বলেই নিখুঁত ফিনিশ করেন তিনি।

ম্যাচে পর্তুগালের হয়ে বাকি গোলগুলি করেন নুনো মেন্দেস ও জোয়াও ফেলিক্স। প্রথম দুই ম্যাচে মেসির দাপটের পর অনেকেই বলছিলেন, রোনাল্ডো থাকলে পর্তুগালের অসুবিধা। উজবেক ম্যাচে জোড়া গোল করে সেই ধারণা ভুল প্রমাণ করলেন রোনাল্ডো।

‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট’— আরও একবার প্রমাণ করলেন রোনাল্ডো। বিশ্বরেকর্ডের ম্যাচে জোড়া গোল করে দলকে বড় জয় এনে দিলেন। এই জয়ে নকআউটের আশা জোরালো হল পর্তুগালের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *