আজকের দিনেবাংলার আয়না

মুখ্যমন্ত্রীর বার্তার পরই ২৪ ঘণ্টায় পুলিশি অ্যাকশন! কালীগঞ্জের তামান্না খুনে গ্রেপ্তার আরও ২

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পর ২৪ ঘণ্টাও কাটল না। নদিয়ার কালীগঞ্জের নাবালিকা ছাত্রী তামান্না খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হলো আরও দুই অভিযুক্তকে। ধৃতদের নাম সাবির শেখ ও জিয়ারুল শেখ। আজ, বুধবারই তাদের আদালতে পেশ করা হবে বলে খবর। এই দু’জনকে নিয়ে তামান্না হত্যাকাণ্ডে মোট ১৩ জনকে পাকড়াও করা হলো।

মুখ্যমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ বার্তা

উল্লেখ্য, গত বছর ২৩ জুন উপনির্বাচনের ফল প্রকাশের দিন কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমাবাজির অভিযোগ ওঠে। সেই বোমার আঘাতেই নির্মমভাবে মৃত্যু হয়েছিল ছোট্ট তামান্নার। ঘটনার এক বছর পার হয়ে গেলেও বিচারের দাবিতে হন্যে হয়ে ঘুরছিলেন মা সাবিনা ইয়াসমিন।

গতকাল, মঙ্গলবার বিধানসভায় এই ঘটনার উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, তামান্নার পরিবার অবশ্যই বিচার পাবে। রামপুরহাট, হাঁসখালি, কসবা ল কলেজ, কামদুনি ও ধূপগুড়ির মতো ঘটনার মতোই এই বিষয়েও সরকার জিরো টলারেন্স’ অবস্থান নিয়েছে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: মেয়ের বিচারের দাবি নিয়ে গতকালই বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তামান্নার মা। শত ব্যস্ততার মধ্যেও মুখ্যমন্ত্রী তাঁর কথা শোনেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পুলিশের গভীর রাতের অভিযান

মুখ্যমন্ত্রীর এই বার্তার পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়ে থাকা সাবির শেখ ও জিয়ারুল শেখের খোঁজে মঙ্গলবার রাতেই চিরুনি তল্লাশি শুরু হয়। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে ওই দুই অভিযুক্ত।

মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা পরিবারের

মেয়ের মৃত্যুর এক বছর পর দুই অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী কাল সময় দিয়ে আমাদের সঙ্গে দেখা করেছিলেন। এত ব্যস্ততার মধ্যেও তিনি শান্ত হয়ে আমাদের কথা শুনেছেন এবং বিচারের আশ্বাস দিয়েছেন। তারপরই এই গ্রেপ্তারি।”

পুলিশ জানিয়েছে, ঘটনার বাকি সূত্র খতিয়ে দেখতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *