Dooars: ডুয়ার্সে সবুজের বুকে বিলাসবহুল রিসর্ট: বন্যপ্রাণ ও পরিবেশ কি চরম ঝুঁকির মুখে?
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- ডুয়ার্স মানেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য, ঘন জঙ্গল, বন্যপ্রাণের বিচরণ আর শান্ত পরিবেশ। কিন্তু এখন আলিপুরদুয়ারের জলদাপাড়া ও চিলাপাতা জঙ্গল সংলগ্ন এলাকায় যেভাবে একের পর এক বিলাসবহুল রিসোর্ট, বহুতল হোটেল এবং সুইমিংপুল গড়ে উঠছে, তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে পরিবেশপ্রেমী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
অভিযোগ উঠেছে, সালকিয়া ও জলদাপাড়া বনাঞ্চলের একেবারে গা ঘেঁষে বহু নির্মাণকাজ হয়েছে, যেখানে পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত নিয়মকানুনের যথাযথ অনুসরণ করা হয়নি। জঙ্গলের খুব কাছাকাছি বিশাল প্রাচীর, পাকা অবকাঠামো এবং সুইমিংপুল তৈরি হওয়ায় বন্যপ্রাণীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে। বিশেষ করে হাতি, গণ্ডার, বাইসনের মতো প্রাণীরা খাদ্য ও জল খুঁজতে প্রায়ই বনাঞ্চল থেকে বাইরে বেরিয়ে আসে। পরিবেশবিদদের মতে, জঙ্গলের আশপাশে অনিয়ন্ত্রিত পর্যটন অবকাঠামো প্রাণীদের জন্য বিপজ্জনক। রাতের অন্ধকারে কোনও বন্যপ্রাণী যদি অসাবধানতাবশত সুইমিংপুলে পড়ে যায়, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে প্রাণহানির দায় কে নেবে, সেই প্রশ্নও সামনে আসছে।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো,এত বড় বড় বাণিজ্যিক প্রকল্প কীভাবে অনুমতি পেল? পরিবেশগত ছাড়পত্র বা প্রয়োজনীয় নথিপত্র আদৌ রয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। বনাঞ্চলের উন্নয়নের নামে যদি প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়, তাহলে তার দীর্ঘমেয়াদি প্রভাব ভয়াবহ হতে পারে।
