আজকের দিনেতিলোত্তমা

Name Change Of Road : সুরাবর্দী অ্যাভিনিউ হল ‘গোপাল মুখার্জী রোড’, ‘ইতিহাসের সংশোধন’ বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পশ্চিমবঙ্গ দিবসের দিনেই কলকাতার মানচিত্রে বড় পরিবর্তন। পার্ক সার্কাস এলাকার সুরাবর্দী অ্যাভিনিউয়ের নাম বদলে রাখা হল ‘গোপাল মুখার্জী রোড’। কলকাতা পুরসভার এই সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দিয়ে সাধুবাদ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ‘গতকাল পশ্চিমবঙ্গ দিবসের শুভক্ষণে সোহরাওয়ার্দী এভিনিউয়ের নাম পরিবর্তন করে স্বর্গীয় গোপাল মুখার্জীর নামে গোপাল মুখার্জী রোড নামকরণ করার জন্য কলকাতা পুরসভার গৃহীত ঐতিহাসিক সিদ্ধান্তকে আন্তরিক ভাবে সাধুবাদ জানাই। এটি শুধুমাত্র নাম পরিবর্তন নয়, ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সংশোধন’।

পুরসভার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ও। তিনি বিশেষ পোস্ট করে কলকাতা পুরসভাকে ধন্যবাদ জানান।

বিজেপি নেতা বিমলশঙ্কর নন্দ প্রতিক্রিয়ায় বলেন, “অসাধারণ সিদ্ধান্ত। গোপাল মুখার্জী একসময় হিন্দুদের বাঁচিয়েছিলেন ভয়ঙ্কর, প্রায় বিপর্যয়ের হাত থেকে। গোপাল মুখার্জীর নামেই এই রাস্তার নামকরণ হওয়া উচিত ছিল। অনেক দেরিতে হলেও সরকার সঠিক কাজ করেছে। এই রাস্তার নয়া নামকরণের জন্য সরকারকে ধন্যবাদ।”

উল্লেখ্য, পার্ক সার্কাস সংলগ্ন সুরাবর্দী অ্যাভিনিউ দীর্ঘদিন ধরেই কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে পরিচিত। প্রাক্তন প্রধানমন্ত্রী হুসেইন শহীদ সুরাবর্দীর নামে এই রাস্তার নামকরণ হয়েছিল। এবার পশ্চিমবঙ্গ দিবসকে সামনে রেখে সেই নাম বদলে গোপাল মুখার্জীর নামে করা হল। গোপাল মুখার্জী ১৯৪৬ সালের কলকাতা দাঙ্গার সময়কার এক বিতর্কিত ঐতিহাসিক চরিত্র, যাঁকে অনেকে ‘গোপাল পাঁঠা’ নামে চেনেন।

পশ্চিমবঙ্গ দিবসে নামবদলের এই সিদ্ধান্তকে ‘ইতিহাসের সংশোধন’ বলেই ব্যাখ্যা করছে শাসক শিবির। অন্যদিকে, এই নামবদল ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে পক্ষে-বিপক্ষে চর্চা। কলকাতার রাস্তার নামবদলের এই ঘটনা নতুন করে রাজ্য-রাজনীতিতে বিতর্কের জন্ম দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *