আন্তর্জাতিক যোগ দিবসে হাজিরা বাধ্যতামূলক নয়, স্পষ্ট বার্তা কলকাতা হাইকোর্টের
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- আগামী রবিবার রাজ্যে পালন করা হবে আন্তর্জাতিক যোগ দিবস, যেখানে কলকাতায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উপলক্ষে সরকারি কর্মচারীদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আবেদন জানানো হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। তবে সেই আবেদনকে কেন্দ্র করেই বৃহস্পতিবার আইনজীবীর তরফে প্রশ্ন ওঠে, কোনও কর্মচারীকে কি এমন অনুষ্ঠানে যোগ দিতে বাধ্য করা যায়?
এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। আবেদনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, কোনও সরকারি অনুষ্ঠান হলেও সেখানে উপস্থিত থাকার জন্য কর্মীদের উপর চাপ সৃষ্টি করা উচিত নয়। কেউ অসুস্থ থাকলে বা ব্যক্তিগত কারণে উপস্থিত হতে না চাইলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া ঠিক হবে না বলে যুক্তি দেওয়া হয়।
মামলার শুনানিতে আবেদনকারীদের আইনজীবীরা জানান, সরকারি নির্দেশ যদি বাধ্যতামূলক না হয়, তাহলে সেটিকে স্পষ্টভাবে অপশনাল হিসেবে উল্লেখ করা উচিত ছিল। অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয়, কোথাও কোনও নির্দেশিকায় উপস্থিতিকে বাধ্যতামূলক বলা হয়নি।এটি ইউনেস্কোর স্বীকৃত একটি অনুষ্ঠান এবং এ বছর কলকাতায় যোগা দিবস আয়োজন হওয়ায় বিশ্বের কাছে এর গুরুত্ব আরও বেশি।
শুক্রবার এই মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, সরকারি পক্ষের বক্তব্য ছিল “অনুষ্ঠানে অংশ না নিলেও কোনও কর্মচারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রশ্নই ওঠে না”। এই মামলার মাধ্যমে অযথা আদালতের সময় নষ্ট করা হয়েছে বলেও মন্তব্য করেন রাজ্যের আইনজীবী বিলোদল ভট্টাচার্য।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দেন যে “আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। কেউ চাইলে নিজের সুবিধাজনক স্থান থেকেও এই কর্মসূচির সঙ্গে যুক্ত হতে পারেন”। আদালত পর্যবেক্ষণ করে বলেন সরকারি নির্দেশে কোথাও বাধ্যতামূলক উপস্থিতির কথা উল্লেখ করা হয়নি। শেষ পর্যন্ত মামলাটি খারিজ করে দেয় আদালত।
