ভাসমান মঞ্চে যোগাসন, আন্তর্জাতিক যোগ দিবসের বার্তা পৌঁছাল সুন্দরবন প্রান্তে
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে সুন্দরবন নদীর বুকেই যোগাসনের আসর, তার সঙ্গে হাস্যযোগের উচ্ছাস দক্ষিণ ২৪ পরগনা বনদপ্তরের রামগঙ্গা রেঞ্জ-এ। প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরতে শুরু হয়েছে যোগ সপ্তাহ পালন।
পাথরপ্রতিমা ব্লকের ১৫ টি গ্রাম পঞ্চায়েতের নদীমাতৃক অঞ্চলে যোগার বার্তা পৌঁছে দিতে মোবাইল নৌকার মাধ্যমে মাইকে প্রচার চালানো হয়।শুক্রবার ভোর থেকেই শুরু হয় কর্মসূচি, যেখানে বনদপ্তর, পুলিশ প্রশাসন, সমাজসেবী এবং স্থানীয় বাসিন্দারা একসঙ্গে অংশ নেন।
সবচেয়ে আকর্ষণীয় ছিল নদীর ওপর ভাসমান প্ল্যাটফর্মে আয়োজিত যোগাসন অনুষ্ঠান। প্রকৃতির মাঝে, নদীর শান্ত পরিবেশে যোগচর্চার পাশাপাশি হাস্যযোগে অংশ নিয়ে উপস্থিতরা আনন্দে মেতে ওঠেন। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক চাপ কমাতে হাস্যযোগের গুরুত্বও তুলে ধরা হয়।
এই উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনও যোগ দিয়েছে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির কাজে। মুক্তি সাপোর্টেড স্কুলের পক্ষ থেকেও সুস্থ জীবনযাপনের জন্য যোগাসনের প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়েছে, যাতে শিশু থেকে প্রবীণ সবাই উপকৃত হতে পারেন।
রামগঙ্গা রেঞ্জের এই বিশেষ প্রচারাভিযান পাথরপ্রতিমার শেষ প্রান্তের দ্বীপাঞ্চল পেরিয়ে বঙ্গোপসাগর সংলগ্ন চাঁদমারি ঘাট পর্যন্ত পৌঁছায়।আয়োজকদের বিশ্বাস, নিয়মিত যোগাভ্যাস মানুষের শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করবে এবং আন্তর্জাতিক যোগ দিবসের মূল লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনেও পরিবর্তন আনবে।
