Weather : আজ থেকেই বর্ষার দাপট! বৃষ্টি-ঝড়ে ভিজবে দক্ষিণ থেকে উত্তর, সতর্কতা একাধিক জেলায় !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- আজ শুক্রবার বর্ষায় ভিজতে চলেছে গোটা পশ্চিমবঙ্গ। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে রাজ্যের বিভিন্ন প্রান্তে সক্রিয় হয়ে উঠছে, আর তার প্রভাবেই আগামী কয়েকদিন জুড়ে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পরিস্থিতি দেখা দিতে পারে।
দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম-সহ একাধিক জেলায় আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ তারই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে সাধারণ মানুষের পাশাপাশি কৃষকদের ও দৈনন্দিন যাতায়াতেও কিছুটা প্রভাব পড়তে পারে।
কলকাতা ও আশপাশের এলাকায় আগামী কয়েকদিন আবহাওয়া বেশ কিছুটা শীতল থাকবে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি পুরোপুরি দূর হবে না। তবে দীর্ঘদিনের ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে,উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টির কারণে ভূমিধস, রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা জল জমার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প রাজ্যের দিকে প্রবেশ করছে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখার অবস্থান এবং স্থানীয় বায়ুপ্রবাহের প্রভাবে দ্রুত বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। সেই কারণেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বারবার বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পরিস্থিতি দেখা যাচ্ছে।আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ার এমনই থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর।
