এবার অভিষেকের কালীঘাটের বাড়িতে পুরসভার হানা! মাপজোক ঘিরে তীব্র চাঞ্চল্য
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: ‘শান্তিনিকেতন’ বাসভবনের পর এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের ১২১, কালীঘাট রোডের (পটুয়াপাড়া) বাড়িতে হাজির হলেন কলকাতা পুরসভার কর্তারা। মঙ্গলবার দুপুরে সাংসদের অনুপস্থিতিতেই অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে শুরু হয় বাড়ির চারপাশ মাপজোকের কাজ। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র শোরগোল।
ঠিক যে মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারের একটি মামলায় সিআইডি-র ডাকে সাড়া দিয়ে ভবানীভবনে রয়েছেন, ঠিক তখনই তাঁর বাড়িতে পুর-ইঞ্জিনিয়ারদের এই অভিযান ঘিরে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা।
মঙ্গলবার দুপুরে কলকাতা পুরসভার আবাসন বিভাগের আধিকারিকরা পটুয়াপাড়ার ১২১, কালীঘাট রোডের বাড়িতে পৌঁছান, যেখানে বর্তমানে সপরিবারে থাকেন অভিষেক।
অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে বাড়ির চারপাশ মেপে দেখা হয় এবং সমস্ত তথ্য কাগজে নথিভুক্ত করেন পুর ইঞ্জিনিয়াররা।
বাড়ির কোনও অংশ বেআইনিভাবে তৈরি হয়েছে কিনা বা বাড়তি জমি দখল করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখতেই এই মাপজোক বলে মনে করা হচ্ছে। তবে বেআইনি অংশ মিললে তা আজই ভাঙা হবে কিনা, সে বিষয়ে মুখ খোলেননি পুর কর্তারা।
এর আগে হরিশ মুখার্জি স্ট্রিটের ‘শান্তিনিকেতন’ বাসভবনেও বেআইনি নির্মাণের অভিযোগে নোটিস পাঠিয়ে নকশা চেয়েছিল পুরসভা। মঙ্গলবার সেখানেও যান আধিকারিকরা।
বাড়ির মালিকের অনুপস্থিতিতে এবং তিনি যখন সিআইডি দপ্তরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি, ঠিক সেই সময়ে পুরসভার এই তৎপরতা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছে ঘাসফুল শিবির।
ভবানীভবনে সিআইডি জেরা এবং অন্যদিকে কালীঘাটের বাড়িতে পুরসভার এই মাপজোক— দুইয়ে মিলে মঙ্গলবার ভরদুপুরে কলকাতার রাজনৈতিক পারদ এক ধাক্কায় অনেকটাই চড়ে গেল।
