আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Madan Mitra-TMC : মধ্যরাতে মদন মিত্রের গাড়িতে ডিম হামলা, ‘চোর চোর’ স্লোগান !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- শনিবার গভীর রাতে ফের উত্তপ্ত কামারহাটি। তৃণমূল বিধায়ক মদন মিত্রের গাড়ি লক্ষ্য করে ডিম ছুঁড়ে বিক্ষোভ দেখাল উত্তেজিত জনতা। ওঠে ‘চোর চোর’ স্লোগান। ঘটনার পর ফেসবুক লাইভে এসে মদন মিত্র জানান, “মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম।” বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি।

শনিবার রাতে কামারহাটির আড়িয়াদহে একটি গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল বিধায়ক মদন মিত্র। অভিযোগ, সেখানেই তাঁর গাড়ির উপর হামলা চালায় বিক্ষোভকারীরা। গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় ডিম। পাশাপাশি ওঠে ‘চোর চোর’ স্লোগান। এমনকি গাড়ির চালককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, হামলার সময় মদন মিত্র গাড়িতে ছিলেন না। চালক দ্রুত গাড়ি নিয়ে এলাকা ছাড়তে সক্ষম হন।

ঘটনার পর রাতেই সামাজিক মাধ্যমে লাইভ করেন কামারহাটির বিধায়ক। প্রথমে গাড়ি থেকে ও পরে বাড়িতে বসে ফেসবুক লাইভে পুরো ঘটনার বিবরণ দেন তিনি। মদন মিত্রের দাবি, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এর পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলে অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, শনিবার সন্ধে থেকেই কামারহাটির ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় অটো ও টোটোচালকরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাউন্সিলর কাটমানি নিয়েছেন। সেই টাকা ফেরতের দাবিতেই বিক্ষোভ চলছিল। তার মধ্যেই রাতে মদন মিত্রের গাড়িতে হামলার ঘটনা ঘটে।

বিক্ষোভের একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কিউ ইন্ডিয়া বাংলা।

প্রসঙ্গত, রাজ্যে সরকার গঠনের পর থেকে একের পর এক তৃণমূল নেতা, বিধায়ক, প্রাক্তন বিধায়ক গ্রেফতার হয়েছেন। অনেক ক্ষেত্রেই তাঁদের লক্ষ্য করে ডিম ছোঁড়ার ঘটনা ঘটেছে। সেই আবহেই এবার মদন মিত্রের গাড়িতেও হামলা হল।

মদন মিত্রের গাড়িতে ডিম হামলার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। বিধায়ক নিজে এই ঘটনাকে প্রাণঘাতী হামলার চেষ্টা বলে দাবি করেছেন। অন্যদিকে কাটমানি ইস্যুতে স্থানীয় ক্ষোভও ক্রমশ বাড়ছে। পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই হামলার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র না কি জনরোষ, তা নিয়েই এখন জোর চাপানউতোর কামারহাটি জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *