আজকের দিনেবাংলার আয়না

জমি বিবাদ না রাজনৈতিক প্রতিহিংসা? পাথরপ্রতিমায় সমিতির প্রাক্তন সভাপতির পরিবার আক্রান্ত

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাট থানার দক্ষিণ গঙ্গাধরপুরে জমি বিবাদকে কেন্দ্র করে প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি গৌরী হালদারের পরিবারের উপর ভয়াবহ হামলার ঘটনা ঘটল। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় গৌরী হালদার সহ মোট পাঁচজন গুরুতর জখম হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে, এলাকায় চাপা উত্তেজনা।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মনসাতলা এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা বাধে। অভিযোগ, এরপরই লাঠি, রড নিয়ে গৌরী হালদারের পরিবারের উপর চড়াও হয় একদল লোক। এলোপাথাড়ি মারধরে রক্তাক্ত হন পাঁচজন। আহতদের দ্রুত গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে গৌরী হালদার ও আরও একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি তিনজন গদামথুরাতেই চিকিৎসাধীন। ঘটনার পর তৃণমূলের তরফে সরাসরি বিজেপির দিকে আঙুল তোলা হয়েছে। গৌরী হালদারের স্বামী গোপাল হালদারের দাবি, তাঁরা সক্রিয় তৃণমূল কর্মী। বৈধ কাগজ থাকা সত্ত্বেও তাঁদের জমিতে জোর করে বেড়া দিতে আসে বিজেপি সমর্থকরা। বাধা দিতেই পরিকল্পিত হামলা চালানো হয়।

পাল্টা বিজেপির স্থানীয় নেতা প্রতাপ হালদার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, এটি রাজনৈতিক ঘটনা নয়। সম্পূর্ণ পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ। প্রতাপ হালদারের দাবি, অভিযুক্তরা সম্পর্কে গৌরী হালদারের কাকার ছেলে। পারিবারিক দ্বন্দ্বকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে।

ঘটনার তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ। দুই পক্ষের বয়ান রেকর্ড করা হয়েছে এবং জমির কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এখনও কেউ গ্রেপ্তার হয়নি তবে এলাকায় পুলিশি টহল চলছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও রাজনৈতিক চাপানউতোরের কারণে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। আদৌ এটি রাজনৈতিক হামলা না কি নিছকই পারিবারিক বিবাদ, তার উত্তর দেবে পুলিশি তদন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *