Tollywood : স্বরূপ গ্রেপ্তারিতে তোপ রুদ্রনীল-পাপিয়ার: ‘কর্মফল ভুগতেই হবে’, ‘পাইথন বেরোবে’ !
কিউ ইন্ডিয়া বাংলা: – তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হতেই সরব বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ ও পাপিয়া অধিকারী। রুদ্রনীলের কটাক্ষ, ‘কেঁচো খুঁড়তে পাইথন বেরোবে’। পাপিয়ার তোপ, ‘কর্মফল ভুগতেই হবে’।
বৃহস্পতিবার রাতে নিউ আলিপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, শ্লীলতাহানি, নিগ্রহ ও অস্ত্র আইনে মামলা হয়েছে। স্বরূপ রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই।
গ্রেপ্তারির পরই বিস্ফোরক রুদ্রনীল ঘোষ। তাঁর তোপ, ‘ধর্মের কল বাতাসে নড়ে। অন্যায় ছাড়া তৃণমূল বাঁচতে পারে না, যেমন মাছ জল ছাড়া বাঁচতে পারে না।’ অরূপ-স্বরূপকে এক হাত নিয়ে রুদ্রনীলের অভিযোগ, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিরেক্ট আশীর্বাদে টালিগঞ্জকে পরিচালনা করেছে। টেকনিশিয়ান, আর্টিস্টদের অসম্মানিত করেছে, ভাত-কাপড় কেড়ে নেওয়ার হুমকি, এমনকি খুনের হুমকিও দিয়েছে।’
রুদ্রনীল জানান, তাঁকে বয়কট করতে টেকনিশিয়ানদের বাধ্য করা হয়েছিল। ‘বুকে কালো ব্যাজ পরিয়ে উত্তম কুমারের মূর্তি অব্দি ‘বয়কট রুদ্রনীল’ মিছিল করানো হয়েছে’, অভিযোগ তাঁর।
টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীর মন্তব্য, ‘এতদিন ধরে যা কর্ম করেছেন তার ফল ভুগতে হবে। ক্ষমতার মোহে অন্ধ ছিলেন, এখন দেখুন কী করেন।’ তাঁর দাবি, ‘সাংঘাতিক তোলাবাজি হয়েছে। ৫০০-৭০০ টাকার কার্ড ৪০-৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। টাকা নিয়েও কাজ বা কার্ড দেয়নি।’
স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে টলিউডে শোরগোল। রুদ্রনীল-পাপিয়ার একযোগে আক্রমণে অস্বস্তিতে শাসক শিবির। রুদ্রনীলের ‘পাইথন বেরোনোর’ হুঁশিয়ারি ও পাপিয়ার ‘কর্মফল’ কটাক্ষে ইঙ্গিত, তদন্তে আরও রাঘববোয়ালদের নাম উঠে আসতে পারে।
