Swarup Biswas-Arrested : টালিগঞ্জে তোলাবাজির অভিযোগ, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ গ্রেফতার !
কিউ ইন্ডিয়া বাংলা: প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করল নিউ আলিপুর থানার পুলিশ। টালিগঞ্জের টেকনিশিয়ানদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, রিজেন্ট পার্কের এক মহিলা মেকআপ আর্টিস্ট স্বরূপের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, গত দু’বছর ধরে তাঁকে কোনও কাজ দেওয়া হয়নি। কাজ চাইতে গেলে মোটা টাকা দাবি করা হয় এবং ভয় দেখানো হয়। মহিলার দাবি, তাঁর এক সহকর্মী স্বরূপকে ৪৫ হাজার টাকা দিতে বাধ্য হয়েছিলেন।
ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার দীর্ঘদিনের সভাপতি ছিলেন স্বরূপ। অভিযোগ, টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিয়োর কলাকুশলীদের হুমকি দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা তুলেছেন তিনি। তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন টালিগঞ্জে স্বরূপের একচ্ছত্র দাপট ছিল। কিন্তু রাজ্যে ক্ষমতার পালাবদলের পর সেই দাপট উধাও হয়ে যায়।
সম্প্রতি টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী ঘোষণা করেন, স্টুডিয়োপাড়ায় ফেডারেশনের আর কোনও অস্তিত্ব থাকবে না। এবার থেকে দিল্লির ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কনফেডারেশনের আওতাভুক্ত হবেন টলিউডের সমস্ত কলাকুশলী। দুর্নীতিমুক্ত ইন্ডাস্ট্রি গড়তেই এই পদক্ষেপ। ফেডারেশনের অস্তিত্ব বিলোপের কয়েকদিনের মধ্যেই গ্রেফতার হলেন খোদ স্বরূপ।
এদিকে কিছুদিন আগেই স্বরূপের স্ত্রী জুঁই বিশ্বাস বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। তিনি কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ১০ নম্বর বরোর চেয়ারপার্সন। জুঁই জানান, ২০১৯ সাল থেকে দুই মেয়েকে নিয়ে তিনি আলাদা থাকেন। এবার আইনি পথে বিবাহবিচ্ছেদের জন্য পদক্ষেপ করছেন। যদিও স্বরূপ এ নিয়ে সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করতে চাননি।
রাজ্যে তৃণমূল সরকারের পতনের পর একের পর এক প্রভাবশালী নেতা-মন্ত্রীর ঘনিষ্ঠরা আইনের জালে জড়াচ্ছেন। টালিগঞ্জে স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি সেই তালিকায় নতুন সংযোজন। ফেডারেশন বিলোপের পর এবার স্বরূপের গ্রেফতারিতে টলিউডে দুর্নীতির শিকড় উপড়ে ফেলার বার্তা দিল নতুন সরকার।
