ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাশ মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে, নিজের দলের ভোটেই বিপাকে ট্রাম্প
কিউ ইন্ডিয়া বাংলা:- ইরান যুদ্ধ নিয়ে দেশের ভিতরেই ক্রমশ কোণঠাসা হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভ’-এ ইরানে সামরিক অভিযান বন্ধের প্রস্তাব পাশ হল ২১৫-২০৮ ভোটে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ, ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির ২ সদস্যও প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।
যুদ্ধের জেরে মার্কিন অর্থনীতিতে চাপ বাড়ছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও সামরিক খরচের বোঝা সরাসরি গিয়ে পড়ছে সাধারণ মার্কিন নাগরিকদের উপর। এই কারণে রিপাবলিকানদের একাংশও এখন অবিলম্বে সংঘাত থামানোর পক্ষে। এর আগেও ডেমোক্র্যাটরা দুই কক্ষেই যুদ্ধ বন্ধের প্রস্তাব এনেছিল। তখনও কয়েকজন রিপাবলিকান নেতা দলীয় লাইন ভেঙে পক্ষে ভোট দেন। এবার সেই সংখ্যা আরও বাড়ল। প্রস্তাব পাশের পর হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ডেমোক্র্যাটরা X-এ লেখেন, ‘আমেরিকার জনগণের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি এটি একটি জোরালো এবং দ্ব্যর্থহীন বার্তা: ইরানে ইচ্ছাকৃতভাবে তাঁর চালানো অবৈধ যুদ্ধ বন্ধ করার সময় এসেছে।’ তবে এই প্রস্তাব এখনও আইনে পরিণত হয়নি। উচ্চকক্ষ ‘সেনেট’-এও একই প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতায় পাশ করাতে হবে। সেনেটে ডেমোক্র্যাটদের আসন কম থাকায় সেখানে লড়াই আরও কঠিন।
নিম্নকক্ষে প্রস্তাব পাশ হওয়ায় আন্তর্জাতিক কূটনীতিতে বড় ধাক্কা খেলেন ট্রাম্প। নিজের দলের ভোটেই যুদ্ধবিরোধী বার্তা যাওয়ায় হোয়াইট হাউসের উপর চাপ আরও বাড়ল। সেনেটে কী হয় সেদিকেই এখন তাকিয়ে গোটা বিশ্ব। প্রস্তাব পাশ হলে ইরান নীতিতে বড় বদল আনতে বাধ্য হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।
