NIA-Shawkat : ভাঙড় বোমা বিস্ফোরণ কাণ্ডে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, ভোর থেকে তল্লাশি !
কিউ ইন্ডিয়া বাংলা:- ভাঙড়ের দক্ষিণ বামুনিয়ায় বিধানসভা ভোটের আগে ঘটে যাওয়া বোমা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে এবার তৃণমূল নেতা শওকত মোল্লার বাড়িতে পৌঁছাল এনআইএ। বুধবার ভোর থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে চলছে তল্লাশি অভিযান ও জিজ্ঞাসাবাদ। ওই বিস্ফোরণে একজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়েছিলেন।
এনআইএ সূত্রে খবর, বিধানসভা ভোটের কিছুদিন আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আহত হন আরও বেশ কয়েকজন। ঘটনার পর থেকেই রাজনৈতিক তরজা শুরু হয়। আইএসএফের তরফে অভিযোগ তোলা হয়, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার পিছনে রয়েছে। আইএসএফ নেতৃত্ব প্রথম থেকেই এনআইএ তদন্তের দাবি জানিয়েছিল।
কলকাতা হাইকোর্টের নির্দেশে পরে তদন্তভার নেয় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তে নেমে ইতিমধ্যেই তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলাম-সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে সংস্থা। ধৃতদের জেরায় উঠে আসা তথ্যের ভিত্তিতেই এবার শওকত মোল্লার বাড়িতে পৌঁছায় এনআইএ-র বিশেষ প্রতিনিধি দল।
বৃহস্পতিবার ভোরে আচমকাই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে শওকত মোল্লার বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয় তল্লাশি। একইসঙ্গে শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করছেন এনআইএ আধিকারিকরা। বিস্ফোরণের ঘটনায় তাঁর কোনও ভূমিকা ছিল কি না, টাকার লেনদেন বা পরিকল্পনার সঙ্গে তিনি যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা বাড়ি থেকে কিছু নথি ও ইলেকট্রনিক ডিভাইসও বাজেয়াপ্ত করেছে বলে সূত্রের খবর।
ভাঙড়কাণ্ডে শওকত মোল্লার বাড়িতে এনআইএ-র হানায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। আইএসএফ আগেই এই ঘটনায় শওকত মোল্লার যোগের অভিযোগ তুলেছিল। তদন্তকারীরা জানিয়েছেন, প্রয়োজনীয় নথি ও তথ্যপ্রমাণ সংগ্রহের জন্যই এই তল্লাশি। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ করবে এনআইএ। এই তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহল ও ভাঙড়ের বাসিন্দাদের।
