High court-Abhishek : অবৈধ নির্মাণ নিয়ে আরও চাপে অভিষেক, ৭ দিনে তথ্য তলব হাই কোর্টের !
কিউ ইন্ডিয়া বাংলা:- অবৈধ নির্মাণ মামলায় আরও বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়ি ও লিপস অ্যান্ড বাউন্সের অবৈধ নির্মাণের তথ্য ৭ দিনের মধ্যে কলকাতা পুরসভাকে জানাতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি স্মিতা দাস দের এজলাসে মামলার শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও লিপস অ্যান্ড বাউন্সের অবৈধ নির্মাণ নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। বুধবার মামলাটি শুনানির জন্য ওঠে বিচারপতি স্মিতা দাস দের এজলাসে। শুনানিতে বিচারপতি নির্দেশ দেন, অভিষেকের বাড়ির কোথায় কোথায় বিচ্যুতি, সম্পত্তির কোন অংশে কতটা বিচ্যুতি এবং লিপস অ্যান্ড বাউন্স সম্পত্তির অবৈধ অংশ কোথায়, সমস্ত তথ্য ৭ দিনের মধ্যে কলকাতা পুরসভাকে দিতে হবে।
বিচারপতি আরও জানান, এই সময়কালে কলকাতা পুরসভা বেআইনি নির্মাণ সংক্রান্ত অন্যান্য পদক্ষেপও নিতে পারবে। মামলার পরবর্তী শুনানি ৪ সপ্তাহ পরে।
পুরসভার তরফে জানা যায়, হরিশ মুখার্জী রোডের শান্তিনিকেতন, ভবানীপুর বিধানসভার ৭৩ নম্বর ওয়ার্ডের ১২১ কালীঘাট রোড এবং ১৮৮এ হরিশ মুখার্জি রোডের বাড়ি, কলকাতার ২৯-সি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে অবৈধ নির্মাণ সংক্রান্ত নোটিস দেওয়া হয়।
এর মধ্যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি বৈধ দাবি করে পুরসভার নোটিস খারিজের আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেকের বাবা-মা অমিত বন্দ্যোপাধ্যায় ও লতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা জানান, ২৯-সি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি বৈধভাবে নির্মিত। সেই মামলার শুনানিতেই এই নির্দেশ দেন বিচারপতি স্মিতা দাস দে।
হাই কোর্টের এই নির্দেশের ফলে অবৈধ নির্মাণ ইস্যুতে আরও চাপে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৭ দিনের মধ্যে পুরসভাকে তথ্য দিতে হবে। পরবর্তী শুনানিতে মামলার মোড় কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
