Sourav Ganguly-security : নিরাপত্তায় কাটছাট সৌরভের, জেড’ থেকে এবার ‘ওয়াই ক্যাটাগরি’র সুরক্ষা পাবেন প্রাক্তন ভারত অধিনায়ক !
কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কোপ পড়ল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তায়। ‘জেড ক্যাটাগরি’ থেকে দু’ধাপ কমিয়ে তাঁকে এবার ‘ওয়াই ক্যাটাগরি’র নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
এতদিন ‘জেড ক্যাটাগরি’র নিরাপত্তা পেতেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘জেড ক্যাটাগরি’তে সুরক্ষার দায়িত্বে অন্তত ৩৫ জন থাকেন, যার মধ্যে থাকেন রাজ্য পুলিশের কমান্ডো ও পাইলট কার। সৌরভের নিরাপত্তার দায়িত্বে ৮ থেকে ১০ জন পুলিশকর্মী থাকতেন।
২০২৩ সালের মে মাসে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার তাঁর নিরাপত্তা বাড়িয়ে ‘জেড ক্যাটাগরি’ করে। তার আগে ২০২৩-এর মাঝামাঝি পর্যন্ত ‘ওয়াই ক্যাটাগরি’র নিরাপত্তা পেতেন তিনি। তখন কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তিনজন তাঁর নিরাপত্তায় থাকতেন। সৌরভের বাড়িতেও পুলিশকর্মীরা মোতায়েন থাকতেন।
এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার সেটা দু’ধাপ কমিয়ে ফের ‘ওয়াই ক্যাটাগরি’তে নামিয়ে আনল। সাধারণত ‘ওয়াই ক্যাটাগরি’তে নিরাপত্তার দায়িত্বে ৩ থেকে ৪ জন থাকেন। তার মধ্যে দু’জন সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকেন।
রাজ্যে পালাবদলের পর অনেক রাজনৈতিক নেতা ও সাংসদের নিরাপত্তায় কোপ পড়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছিলেন, প্রয়োজনের অতিরিক্ত নিরাপত্তা কোনও রাজনৈতিক নেতাকেই দেওয়া হবে না। এমনকী রাজনীতিবিদ ছাড়া কারা সরকারি নিরাপত্তা পান, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা কমানোর সিদ্ধান্তে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
