আচমকা ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, মেট্রো-বিমানে হোঁচট, বনগাঁ শাখার ট্রেনে বিপত্তি
কিউ ইন্ডিয়া বাংলা :- শুক্রবার বিকেলে আচমকা ব্যাপক ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। প্রবল হাওয়া ও বৃষ্টির দাপটে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ায় বিঘ্নিত হয়েছে বিমান, মেট্রো ও ট্রেন পরিষেবা।
দুপুর গড়িয়ে বিকেল হতেই আকাশ কালো করে নামে তুমুল ঝড়-বৃষ্টি। ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি। আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিলেও আচমকা ঝড়ের তীব্রতায় বিপর্যস্ত হয় জনজীবন।বৃষ্টির কারণে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ঘণ্টাখানেক উড়ান পরিষেবা হোঁচট খেয়েছে। রানওয়েতে জল জমে যাওয়ায় এবং ভিজিবিলিটি কমে যাওয়ায় একাধিক ফ্লাইট দেরিতে ছেড়েছে। কয়েকটি উড়ানকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়। যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।কলকাতা মেট্রোর ব্লু লাইনেও ঝড়ের ধাক্কা লেগেছে। ক্ষুদিরাম মেট্রো স্টেশনের উপরের শেডের একাংশ ভেঙে পড়েছে। প্রবল বৃষ্টির জল সরাসরি ঢুকে পড়ে প্ল্যাটফর্মে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কিছুক্ষণ ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। শিয়ালদহ ডিভিশনে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। মধ্যমগ্রাম স্টেশনের কাছে রেললাইনের উপর বিশাল গাছ ভেঙে পড়ায় শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিরা ও গুমা স্টেশনের মাঝেও ওভারহেড তারে গাছ পড়ে যায়। কল্যাণী সেকশনেও একই ছবি। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় মেইন ও বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ আটকে থাকে লোকাল ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, টাওয়ার ভ্যান পাঠিয়ে যুদ্ধকালীন তৎপরতায় গাছ কেটে ও তার মেরামত করে রাতের মধ্যেই পরিষেবা স্বাভাবিক করা হয়েছে।শহর কলকাতার অবস্থাও বেহাল। সল্টলেক সেক্টর ফাইভে একটি চলন্ত গাড়ির উপর আস্ত গাছ ভেঙে পড়ে। গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়, চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। রাসবিহারী অ্যাভিনিউ, হরিশ মুখার্জি রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে একাধিক গাড়ির উপর গাছ পড়েছে। রবীন্দ্র সরোবরের সাত নম্বর গেটের সামনে, টালিগঞ্জ, নেতাজিনগর, গড়িয়াহাট-সহ দক্ষিণ শহরতলির বহু জায়গায় বড় বড় গাছ ভেঙে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে।ঝোড়ো হাওয়ার দাপটে শহরের একাধিক বহুতলের কাচ ভেঙে রাস্তায় ছড়িয়ে পড়ে। সাউথ সিটি মলের উপরের দিকের জানলার কাচ ভেঙে নিচে পড়ে। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান পথচারীরা। ইএম বাইপাস সংলগ্ন হাইল্যান্ড পার্ক এলাকায় রাস্তার দু’ধারের একাধিক গাছ ভেঙে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। বাবুঘাট থেকে প্রিন্সেপঘাট যাওয়ার গঙ্গার পাড়ের রাস্তায় বিশাল গাছ ভেঙে পড়ে।
কলকাতা পুরসভা সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় ৩০টি জায়গায় গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। যুদ্ধকালীন তৎপরতায় গাছ কেটে রাস্তা পরিষ্কার করছে পুরসভা ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম। পুলিশ ট্র্যাফিক নিয়ন্ত্রণে নেমেছে। এদিন হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টাতেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
