লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছে অন্যের অ্যাকাউন্টে! রিষড়ায় দুর্নীতির বিস্ফোরক অভিযোগ
কিউ ইন্ডিয়া বাংলা:- তৃণমূল আমলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠল রিষড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে। এক মহিলার দাবি, প্রকল্পে নাম থাকলেও টাকা ঢুকছে বিজয় সাউ নামে অন্য এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে। মুখ বন্ধ করতে দেওয়া হয়েছিল ৫ হাজার টাকা।
অভিযোগকারী মহিলা জানান, ৫০০ টাকা থেকে ১০০০ টাকা হওয়া পর্যন্ত শুরু থেকেই তাঁর নাম লক্ষ্মী ভান্ডারে নথিভুক্ত ছিল। কিন্তু একটি টাকাও তিনি হাতে পাননি। বারবার অভিযোগ জানিয়েও “ঠিক করে দেওয়া হবে” আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। ব্যাংকে গিয়ে খোঁজ নিতে গেলে কর্তৃপক্ষ জানায়, তাঁর ফর্মে নাম তাঁর থাকলেও অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে বিজয় সাউ-এর। বিষয়টি নিয়ে বিজয় সাউকে বলতে গেলে তাঁকে ৫ হাজার টাকা ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ২০২৪ সালে একবার ৫ হাজার টাকা পাওয়ার পর আর কোনও টাকা ঢোকেনি। সব দপ্তরে ঘুরেও সুরাহা হয়নি। বাধ্য হয়ে তিনি লিখিতভাবে প্রশাসনের কাছে আবেদন করেছেন।
লক্ষ্মী ভান্ডারের মতো জনমুখী প্রকল্পে নাম থাকা সত্ত্বেও টাকা না পাওয়ার অভিযোগ নতুন নয়। কিন্তু একজনের নামে ফর্ম, অন্যের অ্যাকাউন্টে টাকা ঢোকার ঘটনায় দুর্নীতির অভিযোগ আরও জোরালো হল। প্রশাসন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কি না, সেটাই এখন দেখার।
