আজকের দিনেগ্রীন রুম

পোস্ট-বিতর্কে স্বস্তি পরমব্রতর! ৪ সপ্তাহের রক্ষাকবচ দিল হাইকোর্ট

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিনের একটি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট। মাত্র কয়েকটি শব্দ। কিন্তু তার রেশ গড়াল দীর্ঘ ৫ বছর পর, ২০২৬-এর মে মাসে! একুশের ভোটের ফলের দিন করা একটি মন্তব্য ঘিরে আইনি জটিলতায় জড়িয়েছেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এই মামলায় এবার পরমব্রতকে শর্তসাপেক্ষ রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট।

আজ শুক্রবার ২৯ মে, হাইকোর্টের বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আগামী চার সপ্তাহ অভিনেতার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে মামলার তদন্ত চলবে এবং পরমব্রতকে তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে।

 বিতর্কের উৎস: কী ছিল সেই পোস্টে?

ঘটনার সূত্রপাত ২০২১ সালের ২ মে, বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন। তৃণমূল কংগ্রেস ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলতেই পরমব্রত তৎকালীন ‘এক্স’ (টুইটার) হ্যান্ডেলে লিখেছিলেন, “আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।” সেই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছিলেন, “হাহাহা হোক হোক!”

তৎকালীন সময়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একটি মন্তব্যকে কটাক্ষ করেই এই পোস্ট করা হয়েছিল বলে মনে করা হলেও, ৫ বছর পর রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের আবহে এই পোস্টটিকেই হাতিয়ার করা হয়েছে।

৫ বছর পর কেন এফআইআর? কী অভিযোগ?

গত ২১ মে, ২০২৬ গড়িয়ারহাট থানায় দুই তারকার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন আইনজীবী জয়দীপ সেন। তাঁর অভিযোগ:

  • হিংসায় উসকানি: ভোট-পরবর্তী উত্তপ্ত পরিস্থিতিতে সমাজে প্রভাবশালী এই দুই ব্যক্তিত্বের মন্তব্য আদতে রাজনৈতিক হিংসায় উসকানি দিয়েছিল।

  • বিজেপি কর্মীদের ওপর অত্যাচার: এই মন্তব্যের জেরেই সেই সময়ে বহু মানুষ প্রভাবিত হয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা, খুন ও নির্যাতন চালিয়েছিল। অভিযোগে বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে।

  • আইনি ধারা: তৎকালীন সময়ের নিরিখে ভারতীয় দণ্ডবিধির (IPC) ১৫৩এ (শত্রুতা তৈরি করা), ১০৭ এবং ১০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে।

এই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যেই স্বস্তিকা মুখোপাধ্যায়কে তলব করেছিল এবং গড়িয়ারহাট থানায় তাঁকে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদও করা হয়।

আদালতে পরমব্রতের সওয়াল ও হাইকোর্টের নির্দেশ

গড়িয়ারহাট থানার এই এফআইআর খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন পরমব্রত। শুক্রবার আদালতে অভিনেতার আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় সওয়াল করেন, “এত বছর পর এই অভিযোগের উদ্দেশ্য কী? এই মন্তব্যের জেরে কারও কোনও ক্ষতি হয়নি, তাই এই এফআইআর-এর কোনও ভিত্তি নেই।”

আদালতের মূল নির্দেশগুলি ঠিক কি……

  •  আগামী ৪ সপ্তাহ পরমব্রতের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ (যেমন গ্রেফতারি) করা যাবে না।
  •  গড়িয়ারহাট থানায় দায়ের হওয়া মামলার তদন্ত প্রক্রিয়া চালু থাকবে।
  •  পরমব্রত চট্টোপাধ্যায়কে তদন্তে পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে।
  •  পরবর্তী শুনানির দিন রাজ্যকে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট আদালতে পেশ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *