World Cup : বিশ্বকাপের আগে ফের চোটের কবলে নেইমার !
কিউ ইন্ডিয়া বাংলা:- আড়াই বছর পর জাতীয় দলে ফিরে ২০২৬ বিশ্বকাপের স্বপ্ন দেখছিলেন নেইমার। ব্রাজিল সমর্থকরাও তাকে ঘিরে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের আশায় বুক বাঁধছিলেন। কিন্তু প্রথম ট্রেনিং সেশনেই ধাক্কা। গুরুতর পেশির চোটে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান তারকা। দুই প্রস্তুতি ম্যাচ তো বটেই, বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেও তার খেলা হচ্ছে না।
বুধবার ব্রাজিলের প্রথম ট্রেনিং সেশনে ছিলেন না নেইমার। ব্রাজিল ফুটবল কনফেডারেশন প্রথমে জানায়, মেডিক্যাল টেস্টের জন্য তিনি অনুপস্থিত। সন্ধ্যায় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার সাংবাদিক বৈঠকে নিশ্চিত করেন দুঃসংবাদ। তিনি বলেন, ‘গ্রেড ২ মাসল ইনজুরি হয়েছে নেইমারের। আমাদের মনে হচ্ছে আগামী দু-তিন সপ্তাহ পরে ফিরতে পারবে ও।’
সান্তোসের পক্ষ থেকে প্রথমে দাবি করা হয়েছিল, ডান পায়ের কাফ মাসলে কিছুটা ফ্লুইড জমেছে। কিন্তু কার্লো আনচেলত্তির মেডিক্যাল টিমের ধারণা ছিল চোট আরও গুরুতর। সান্তোস তথ্য গোপন করছে বলেও সন্দেহ ছিল তাদের। শেষ পর্যন্ত ব্রাজিলের মেডিক্যাল টিমের আশঙ্কাই সত্যি হল।
এই চোটের ফলে ৩১ মে পানামা ও ৭ জুন মিশরের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না নেইমার। বিশ্বকাপ শুরু হতে বাকি আর ১৫ দিন। অথচ তাকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে ১৩ জুন মরক্কো ও ১৯ জুন হাইতির বিরুদ্ধে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেও নেইমারকে পাচ্ছে না ব্রাজিল।
আড়াই বছর পর জাতীয় দলে ফিরেও চোটের কারণে ফের স্বপ্নভঙ্গের মুখে নেইমার। প্রস্তুতি ম্যাচ ও গ্রুপ পর্বের শুরুতে তাকে না পাওয়া ব্রাজিলের বিশ্বকাপ অভিযানের জন্য বড় ধাক্কা। এখন প্রশ্ন একটাই, নকআউট পর্বের আগে কি পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন তিনি? নেইমারহীন ব্রাজিল কতদূর যাবে, আর নেইমার আদৌ বিশ্বকাপে নামতে পারবেন কি না, সেই উত্তরই এখন খুঁজছে ফুটবলবিশ্ব।
