ID Card-WB : হাসপাতালে দালাল ঠেকাতে রঙিন আই কার্ড চালু, কর্মী অনুযায়ী আলাদা ৮ রঙের পরিচয়পত্র !
কিউ ইন্ডিয়া বাংলা :- সরকারি হাসপাতালে দালাল চক্র ও অনুপ্রবেশ রুখতে এবার কর্মীদের জন্য ভিন্ন রঙের আই কার্ড চালু করছে রাজ্য সরকার। আজ ২৫ মে থেকেই শুরু রেজিস্ট্রেশন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী স্বাস্থ্য দপ্তর সার্কুলার জারি করে জানিয়েছে, পরিচয় পত্র ছাড়া কেউ হাসপাতালে প্রবেশ করতে পারবে না। কর্মীদের পদ ও কাজের ধরন অনুযায়ী ঠিক হয়েছে কার্ডের রঙ।
ল্যাবরেটরিতে যাঁরা কাজ করেন তাঁদের আই কার্ড হবে কমলা রঙের। সহকারী অধ্যাপকদের জন্য বেগুনি, প্রশাসনিক কর্মীদের জন্য কালো, নার্সদের জন্য খয়েরি, নিরাপত্তা কর্মীদের জন্য মেরুন, হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য সবুজ রঙের কার্ড নির্ধারিত হয়েছে। যাঁরা হাসপাতালে ঝাড়পোছ করেন সেই সাফাইকর্মীদের পরতে হবে হলুদ রঙের পরিচয় পত্র। আউট সোর্সিং এর কাজ যাঁরা করেন তাঁদের জন্য থাকছে নীল রঙের আই কার্ড।
এছাড়া কর্মীদের নিম্নলিখিত বিভাগে ভাগ করা হয়েছে: ডাক্তার, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, প্রশাসনিক কর্মী, প্যারা-মেডিক্যাল, জিডিএ ও ড্রাইভারসহ অন্যান্য।
এই নির্দেশিকা পাঠানো হয়েছে এসএসকেএম, আর জি কর, এনআরএস, কলকাতা মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, কলকাতা পুলিশ হাসপাতাল-সহ সমস্ত সরকারি হাসপাতালে।
ঠিক হয়েছে, প্রতিটি ভবনের জন্য একজন করে নোডাল অফিসার নিয়োগ করা হবে। প্রকল্পটি চালাতে হাসপাতাল কর্তৃপক্ষকে উচ্চগতির ব্রডব্যান্ড ও অফিস ডেস্কের ব্যবস্থা করতে হবে। প্রযুক্তিগত সমস্যার জন্য ওয়েবেলের আইটি কর্মী রাখতে হবে। রেজিস্ট্রেশনের সময় ভিড় সামলাতে স্বেচ্ছাসেবকও মোতায়েন থাকবে।
আজ সোমবার ২৫ মে থেকেই নতুন পরিচয় পত্রের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। ২৮ মে-র মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। দালালচক্র ঠেকাতে এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।
