WB CM : মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে প্রথম জনসভা ও হলদিয়ায় প্রশাসনিক বৈঠকে শুভেন্দু অধিকারী !
কিউ ইন্ডিয়া বাংলা: -মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার নন্দীগ্রামে জনসভা করতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। রবিবার বিকেলে নন্দীগ্রামের পর হলদিয়ায় প্রশাসনিক বৈঠকেও বসবেন তিনি। জেলায় গিয়ে এটি তাঁর তৃতীয় প্রশাসনিক বৈঠক।
প্রশাসনিক সূত্রে খবর, রবিবার বিকেল ৪টা নাগাদ নন্দীগ্রাম সীতানন্দ কলেজ সংলগ্ন মাঠে সংবর্ধনা সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পরে নন্দীগ্রামে এটি তাঁর প্রথম সভা। সভা ঘিরে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু হয়েছে। মঞ্চ বাঁধা থেকে শুরু করে নিরাপত্তার কড়াকড়ি, সব দিকেই নজর রাখছে প্রশাসন। ইতিমধ্যেই সভাস্থল পরিদর্শন করেছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা, নন্দীগ্রামের আইসি শুভব্রত নাথ, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাদ পাল, বিজেপি নেতা অভিজিৎ মাইতি-সহ অন্যান্যরা।
মেঘনাদ পাল বলেন, “নন্দীগ্রামের ঘরের ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। এটি আমাদের কাছে অত্যন্ত গর্বের। এই কারণেই তাঁর সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বার্তা শোনার অপেক্ষায় রয়েছেন সকলে।” স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই সভায় রেকর্ড জমায়েত হবে।
নন্দীগ্রামের কর্মসূচি শেষে রবিবার বিকেল ৬টা নাগাদ হলদিয়ায় প্রশাসনিক বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে জেলাশাসক, মহকুমা শাসক-সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও পুলিশ সুপার এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত থাকবেন। হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলি জানিয়েছেন, মূলত হলদিয়ার বিভিন্ন উন্নয়নমূলক কাজ, বন্দর ও শিল্পাঞ্চলের সমস্যা নিয়ে প্রশাসনিক আলোচনা হতে পারে।
নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর নিজের কেন্দ্রে প্রথম সভা ঘিরে স্বাভাবিকভাবেই উৎসাহ তুঙ্গে। পাশাপাশি হলদিয়ার প্রশাসনিক বৈঠকে শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। ফলে রবিবারের এই জোড়া কর্মসূচি রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
