মহার্ঘ জ্বালানি, ১০ দিনে তৃতীয় বার বাড়ল পেট্রল-ডিজেলের দাম
কিউ ইন্ডিয়া বাংলা: -ফের ধাক্কা মধ্যবিত্তের পকেটে। শনিবার থেকেই দেশজুড়ে বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। লিটারে পেট্রলের দাম বাড়ল ৮৭ পয়সা, ডিজেলের দাম বাড়ল ৯১ পয়সা। এই নিয়ে গত ১০ দিনের মধ্যে তৃতীয় বার দাম বৃদ্ধি করল তেল সংস্থাগুলি।
শনিবার থেকে কার্যকর হওয়া নতুন দাম অনুযায়ী, নয়াদিল্লিতে পেট্রলের দাম ৯৮.৬৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৯.৫১ টাকা। ডিজেলের দাম ৯১.৫৮ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯২.৪৯ টাকা। চেন্নাইয়ে পেট্রল লিটারে ৮২ পয়সা বেড়ে বিক্রি হচ্ছে ১০৫.৩১ টাকায়, ডিজেল ৮৭ পয়সা বেড়ে ৯৬.৯৮ টাকা। মুম্বইয়ে পেট্রলের নতুন দাম ১০৮.৪৯ টাকা, ডিজেল ৯৫.০২ টাকা। তবে দাম সবচেয়ে বেশি বেড়েছে কলকাতায়। শহরে পেট্রল লিটারে ৯৬ পয়সা বেড়ে হয়েছে ১১০ টাকা ৬৪ পয়সা। ডিজেলের দাম ৯৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ টাকা ২ পয়সা।
চলতি মাসেই তিন দফায় দাম বেড়েছে জ্বালানির। প্রথম দফায় ১৬ তারিখ পেট্রল-ডিজেলের দাম লিটারে ৩ টাকা করে বাড়ানো হয়। দ্বিতীয় দফায় ১৯ তারিখ দুই জ্বালানিতেই লিটার প্রতি ৯০ পয়সা দাম বাড়ে। শনিবারের বৃদ্ধি নিয়ে গত ১০ দিনে বিভিন্ন শহরে পেট্রল-ডিজেলের দাম লিটারে অন্তত ৫ টাকা করে বেড়েছে।
পেট্রলিয়াম মন্ত্রকের দাবি, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৮৮ শতাংশই বাইরে থেকে আমদানি করতে হয়। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহে সঙ্কট দেখা দিয়েছে। পাশাপাশি ডলারের তুলনায় টাকার দাম পড়তে শুরু করেছে। বর্তমানে এক ডলারের মূল্য ভারতীয় মুদ্রায় ৯৫.৬ টাকা। আমদানি খরচ বাড়ায় দেশীয় বাজারে দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে তেল সংস্থাগুলি। যদিও মন্ত্রক আগেই জানিয়েছিল, দেশে পেট্রল-ডিজেলের কোনও জোগানের সমস্যা নেই। তবে দাম আরও বাড়তে পারে বলে ইঙ্গিতও দেওয়া হয়েছিল।
লাগাতার দাম বৃদ্ধিতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। নিত্যপণ্যের পরিবহণ খরচ বাড়ায় বাজারে সবজি থেকে শুরু করে অন্যান্য জিনিসের দামও চড়তে শুরু করেছে। বাস-ট্যাক্সি ভাড়া বৃদ্ধির আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে জ্বালানি সাশ্রয় করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
