Metro : চিংড়িঘাটায় মেট্রোর দ্বিতীয় দফার কাজ শুরু আজ, সোমবার সকাল পর্যন্ত বাইপাসে যান নিয়ন্ত্রণ !
কিউ ইন্ডিয়া বাংলা: আজ, শুক্রবার রাত ৮টা থেকে চিংড়িঘাটায় শুরু হচ্ছে মেট্রোর দ্বিতীয় দফার গার্ডার বসানোর কাজ। চলবে সোমবার সকাল ৮টা পর্যন্ত। কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের দক্ষিণমুখী রাস্তায় বড়সড় যান নিয়ন্ত্রণ করছে পুলিশ।
এই দফায় ৩১৮ নম্বর পিলার থেকে ৩১৯ নম্বর পিলার পর্যন্ত গার্ডার বসবে। এর আগে ১৫ মে থেকে ১৮ মে প্রথম দফায় ৩১৭ থেকে ৩১৮ নম্বর পিলারের কাজ হয়েছে।
পুলিশ-প্রশাসন জানিয়েছে, বাইপাসের পূর্ব দিক বন্ধ থাকবে। ফলে সল্টলেক, বিধাননগর, বিমানবন্দরগামী গাড়িগুলিকে এনএক্স হোটেলের সামনের রাস্তা দিয়ে ঘুরিয়ে উত্তর দিকের নয়া রাস্তা ধরে চিংড়িঘাটা পাঠানো হবে। সল্টলেক যেতে চিংড়িঘাটা উড়ালপুল ব্যবহার করতে হবে।
দক্ষিণমুখী সব গাড়ি চিংড়িঘাটা ক্রসিং থেকে ঘুরিয়ে বাইপাসের পশ্চিম দিকের রাস্তা দিয়ে পাঠানো হবে। বাইপাসের দক্ষিণমুখী মূল পথে গাড়ি স্বাভাবিক থাকবে। সল্টলেক বা নিউটাউন থেকে বাইপাসের দিকে আসা গাড়ির সমস্যা হবে না। তবে নিউটাউন-সল্টলেক থেকে বাইপাসের দিকে যাওয়া গাড়ি চিংড়িঘাটা ক্রসিং থেকে দক্ষিণে যেতে শুধু বাঁ দিকে ঘুরতে পারবে। উত্তরে যেতে তিন দিন ডান দিকে ঘোরা যাবে না। সেক্ষেত্রে মেট্রোপলিটন ক্রসিং থেকে ইউটার্ন নিতে হবে।
তৃণমূল সরকারের আমলে যান চলাচলের সমস্যার কারণ দেখিয়ে চিংড়িঘাটা মেট্রোরুটের কাজ আটকে ছিল বলে অভিযোগ। বিজেপি ক্ষমতায় আসার পর সেই বাধা কাটিয়ে কাজ শুরু হয়।
আজ রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত চিংড়িঘাটা অংশে যানজট এড়াতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ। মেট্রোর কাজ শেষ হলে নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটে গতি আসবে। আপাতত তিন দিনের জন্য বাইপাস ব্যবহারকারীদের হাতে সময় নিয়ে বেরোতে হবে।
