Siliguri : শিলিগুড়িতে রেলের দাগ কাটা ঘিরে আতঙ্ক, পুনর্বাসন ছাড়া কাজ নয়—আশ্বাস দিলেন বিধায়িকা শিখা চ্যাটার্জী !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনির ব্লক-এফ এলাকায় রেলের তরফে হঠাৎ পরিদর্শন ও জমিতে দাগ কেটে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। উচ্ছেদের আশঙ্কায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।
রেল উন্নয়নের কাজের জন্য নিউ জলপাইগুড়ি থানা সংলগ্ন অম্বিকানগর আন্ডারপাস এলাকায় রেল কর্তৃপক্ষ জমি মাপজোক করে দাগ দিয়ে যায়। এরপরই সূর্যসেন কলোনিতে উচ্ছেদের আতঙ্ক তৈরি হয়। বাসিন্দাদের অভিযোগ, পুনর্বাসনের কোনও নিশ্চয়তা ছাড়াই রেল জমি চিহ্নিত করছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় যান ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জী। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। বিধায়িকা শিখা চ্যাটার্জী স্পষ্ট জানান, রেলের উন্নয়নের বিরোধিতা করা হচ্ছে না, তবে পুনর্বাসন ছাড়া কোনওভাবেই কাজ করতে দেওয়া হবে না। তিনি আশ্বাস দেন, বাসিন্দাদের স্বার্থ সুরক্ষিত রাখতে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
স্থানীয় বাসিন্দারাও একই সুরে জানিয়েছেন, তাঁরা উন্নয়নের পক্ষে। কিন্তু আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এক বাসিন্দার কথায়, “বিধায়িকা শিখা চ্যাটার্জীর ওপর আমাদের ভরসা আছে। আগে পুনর্বাসন, তারপরই উন্নয়ন—এই দাবিতেই আমরা অনড়।”
রেলের উন্নয়ন প্রকল্পকে ঘিরে শিলিগুড়ির সূর্যসেন কলোনিতে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও উদ্বেগের আবহ। পুনর্বাসন ইস্যুতে বাসিন্দাদের অনড় মনোভাব এবং বিধায়িকা শিখা চ্যাটার্জীর হস্তক্ষেপের পর এখন সকলের নজর প্রশাসন ও রেলের পরবর্তী পদক্ষেপের দিকেই।
