আজকের দিনেতিলোত্তমা

‘অন্নপূর্ণা ভাণ্ডার’ কারা পাবেন, কীভাবে আবেদন— সব খোলসা করলেন অগ্নিমিত্রা পল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: ভোটপ্রচারে দেওয়া আরও এক মেগা প্রতিশ্রুতি পূরণ করল শুভেন্দু সরকার। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই বাংলার মহিলাদের নজর ছিল তাদের সবচেয়ে বড় নির্বাচনী প্রতিশ্রুতি ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর দিকে। সোমবার নবান্নে সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক শেষে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী ১ জুন থেকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা।
​একই সঙ্গে এই প্রকল্পের সুবিধা কারা পাবেন এবং কীভাবে আবেদন করতে হবে, সেই সমস্ত খুঁটিনাটি জল্পনার অবসান ঘটিয়ে এদিন খোলসা করেন মন্ত্রী।

কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা?

​প্রকল্পের আওতা নিয়ে সাধারণ মানুষের মনে একাধিক সংশয় ছিল। সোমবারের বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পল স্পষ্ট নির্দেশিকা দিয়ে জানান
​লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকরা পূর্বতন সরকারের আমলে এতদিন পর্যন্ত রাজ্যের যে সমস্ত মহিলারা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পেতেন, তাঁরা সকলেই সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাবেন।

​CAA আবেদনকারীরা: যে সমস্ত মানুষ নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র মাধ্যমে আবেদন করে ভারতের নাগরিকত্ব পেয়েছেন, সেই পরিবারের মহিলারাও এই প্রকল্পের সুবিধা পাবেন।

​বাদ পড়া উপভোক্তারা: এসআইআর-এর কারণে অনেকের নাম লক্ষ্মীর ভাণ্ডার থেকে বাদ গিয়েছিল। তাদের মধ্যে যাঁরা পুনর্বিবেচনার জন্য ট্রাইবুন্যালে আবেদন করেছেন, তাঁরাও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন।

​নতুনরা কীভাবে আবেদন করবেন?
​যাঁরা একদম নতুন ভাবে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে চান, তাঁদের জন্য সুখবর দিয়েছেন মন্ত্রী। অগ্নিমিত্রা পল জানান, নতুন আবেদনকারীদের সুবিধার্থে খুব শীঘ্রই সরকারের তরফ থেকে একটি ডেডিকেটেড অনলাইন পোর্টাল চালু করা হচ্ছে।
​মহিলারা সেই পোর্টালের মাধ্যমে ঘরে বসেই আবেদন করতে পারবেন। আবেদনের পর সরকারি স্তরে প্রয়োজনীয় নথি যাচাই করা হবে এবং সব ঠিক থাকলে সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাঠিয়ে দেওয়া হবে।
​সরকার গঠনের ৯ দিনেই মাস্টারস্ট্রোক
​গত ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। আজ, সোমবার ছিল নতুন সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক। আর সরকার গঠনের মাত্র ৯ দিনের মাথায় একদিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন চালু এবং অন্যদিকে মহিলাদের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকার অন্নপূর্ণা ভাণ্ডার ঘোষণা— সব মিলিয়ে বাংলার রাজনীতিতে শুভেন্দু সরকারের এই জোড়া সিদ্ধান্তকে এক বিরাট মাস্টারস্ট্রোক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *