Amta-Corruption : পালাবদলের পর আমতায় তৃণমূল প্রধানের বাড়িতে বিক্ষোভ, দুর্নীতির অভিযোগে জনরোষ !
কিউ ইন্ডিয়া বাংলা:- পালাবদলের পর থেকেই রাজ্যজুড়ে বাড়ছে ক্ষোভ। এবার আমতায় জনরোষের মুখে পড়লেন কাশমুলি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান অঞ্জলি দলুই। রবিবার সাতসকালে তাঁর বাড়ি ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালালেন গ্রামবাসীরা।
সরকারি প্রকল্পের নামে দিনের পর দিন টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীর বিরুদ্ধে। রাজ্যে নতুন সরকার আসতেই দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন ভুক্তভোগীরা। রবিবার সকাল থেকে হুলস্থূল কাণ্ড আমতার কাশমুলিতে। প্রধানের বাড়ি ঘিরে ফেলেন শতাধিক গ্রামবাসী। এরপর শুরু হয় ব্যাপক উত্তেজনা। ইট ছুড়ে জানলার কাচ ভাঙা হয়। ঠুকে ঠুকে ভেঙে ফেলা হয় এসি ও সিসি ক্যামেরা। ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়েছেন প্রধান। ৫০০ টাকা করে নিয়েও জব কার্ড আটকে রাখা হয়েছে। ১০০ দিনের কাজ দিতেও মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এক বিক্ষুব্ধ গ্রামবাসী জানান, ‘অনেক দিন ধরে জব কার্ড দেবে বলে টাকা নিয়ে রেখেছেন প্রধানের স্বামী। কিন্তু জব কার্ড পাইনি কেউ।’ দিনের পর দিন দুর্নীতি সহ্য করেছেন পঞ্চায়েত এলাকার মানুষ। সরকার পরিবর্তন হতেই আছড়ে পড়েছে সেই জমে থাকা ক্ষোভ। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়পুর থানার পুলিশ। গ্রামবাসীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
তবে এ বিষয়ে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান অঞ্জলি দলুই বা তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। পালাবদলের পর দিকে দিকে এভাবে জনরোষের মুখে পড়ছেন পূর্ববর্তী শাসকদলের নেতারা।
