আজকের দিনেতিলোত্তমা

আজ রাত থেকেই শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রোর কাজ, পুজো বা বড়দিনেই চালু হতে পারে রুট

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ বঙ্গে রাজনৈতিক পালাবদলের পর থেকেই গতি এসেছে থমকে থাকা একাধিক পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে। এবার তারই বড়সড় সুফল পেতে চলেছেন কলকাতার নিত্যযাত্রীরা।মন্ত্রী অগ্নিমিত্রা পলের আশ্বাস মতো অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে শুরু হচ্ছে ই এম বাইপাসের চিংড়িঘাটা মোড়ের থমকে থাকা মেট্রোর কাজ। আজ, ১৫ মে শুক্রবার রাত ৮টা থেকেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করছে মেট্রো কর্তৃপক্ষ। সব ঠিকঠাক থাকলে আগামী পুজো কিংবা বড়দিনের আগেই এই রুটে ছুটতে পারে মেট্রো।

নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইনের কাজ দীর্ঘদিন ধরেই থমকে ছিল। মামলা গড়িয়েছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত। চিংড়িঘাটা মোড়ের কাছে মাত্র ৩১৬ বর্গমিটার অংশের কাজ নিয়েই ছিল মূল সমস্যা। এখানে পিলারের কাজের জন্য ই এম বাইপাসে যান চলাচল পুরোপুরি বা আংশিক বন্ধ রাখার প্রয়োজন ছিল, যা পূর্বতন রাজ্য সরকার অনুমতি না দেওয়ায় আটকে ছিল বলে অভিযোগ। তবে রাজ্যে নতুন সরকার আসতেই তড়িঘড়ি এই কাজের সবুজ সংকেত ও ছাড়পত্র দেওয়া হয়েছে।

দুই দফায় চলবে কাজ: দেখে নিন শিডিউল

মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করে মূলত দুটি দফায় এই কাজ সম্পূর্ণ করা হবে:

  • প্রথম দফা: আজ শুক্রবার (১৫ মে) রাত ৮টা থেকে শুরু হয়ে কাজ চলবে আগামী সোমবার (১৮ মে) পর্যন্ত।

  • দ্বিতীয় দফা: আগামী সপ্তাহের শুক্রবার (২২ মে) থেকে শুরু হয়ে টানা কাজ চলবে সোমবার (২৫ মে) পর্যন্ত।

বন্ধ থাকবে কোন রাস্তা? সল্টলেক-নিউটাউন যাওয়ার ট্রাফিক গাইড:

কাজের দিনগুলিতে যাতে যানজট তীব্র রূপ না নেয়, তার জন্য কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ এবং মেট্রো কর্তৃপক্ষ যৌথ পরিকল্পনা করেছে:

  • দুই দফাতেই শুক্র, শনি এবং রবিবার রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত ই এম বাইপাসের উত্তর ও দক্ষিণমুখী লেনে যান চলাচল নিয়ন্ত্রণ বা ডাইভার্ট করা হবে।

  • ফ্লাইওভার খোলা থাকবে: স্বস্তির খবর এটাই যে, কাজ চলাকালীন চিংড়িঘাটা ফ্লাইওভার  সম্পূর্ণ খোলা থাকছে। ফলে সল্টলেক, সেক্টর ফাইভ কিংবা নিউটাউনগামী যাত্রীদের যাতায়াতে কোনও বড় সমস্যায় পড়তে হবে না।

খুলবে বিমানবন্দর যাওয়ার রাস্তা, বাঁচবে সময়

বর্তমানে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলাচল করছে। চিংড়িঘাটার এই ৩১৬ বর্গমিটারের জট কেটে গেলে গড়িয়া থেকে চিংড়িঘাটা হয়ে সরাসরি সেক্টর ফাইভ পৌঁছানো যাবে। শুধু তাই নয়, এর ফলে চিংড়িঘাটা, সল্টলেক, নিউটাউন হয়ে সরাসরি কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো চলাচলের পথ সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। চিংড়িঘাটা ক্রসিংয়ের চেনা যানজট এড়িয়ে চোখের পলকে গন্তব্যে পৌঁছাতে পারবেন লাখো মানুষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *