আজকের দিনেতিলোত্তমা

মাধ্যমিকে টুকলির নতুন রূপ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মাইক্রো জেরক্স, চিরকুট বা হাতে সংকেত লেখার দিন যেন অতীত। প্রযুক্তির দুনিয়ায় অভ্যস্ত জেন জি-র টুকলিতেও এবার সরাসরি ঢুকে পড়ল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। চলতি মাধ্যমিক পরীক্ষায় একের পর এক কেন্দ্রে মোবাইল ব্যবহার করে উত্তর লেখার অভিযোগ সামনে আসায় উদ্বেগ বেড়েছে মধ্যশিক্ষা পর্ষদের।

শনিবার মাধ্যমিকের ভূগোল পরীক্ষার দিন বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে মোবাইল-সহ ধরা পড়ে মোট ১২ জন পরীক্ষার্থী। অভিযোগ, তাঁদের মধ্যে ১১ জনই মোবাইলে এআই ব্যবহার করে প্রশ্নের উত্তর খুঁজে লিখছিল। পরীক্ষক ও পর্যবেক্ষকদের তৎপরতায় ধরা পড়ে যায় এই ঘটনা।

এদিকে, গত শুক্রবার ইতিহাস পরীক্ষার দিন মালদহের মানিকচক ব্লকের বিএসএস হাই স্কুলে আরও একটি গুরুতর অনিয়মের অভিযোগ ওঠে। এক পরিদর্শকের বিরুদ্ধে অভিযোগ, তিনি পরীক্ষার্থীদের জন্য উত্তর লিখে নিয়ে গিয়ে পরীক্ষার হলে বলে দিচ্ছিলেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দেখা যায়, পর্ষদের দেওয়া উত্তরপত্রেই উত্তর লিখে তা পরীক্ষার্থীদের দেখাচ্ছেন ওই শিক্ষক, যিনি অঙ্কের শিক্ষক বলেও জানা গিয়েছে। নিয়মভঙ্গের অভিযোগে মধ্যশিক্ষা পর্ষদ তাঁকে সাসপেন্ড করেছে। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, তাঁর বিরুদ্ধে ২১৪-এর ২২ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পর্ষদের পর্যবেক্ষণে উঠে এসেছে, চলতি মাধ্যমিকে এখনও পর্যন্ত যত পরীক্ষার্থী মোবাইল-সহ ধরা পড়েছে, তাঁদের বেশিরভাগই এআই-এর সাহায্য নিচ্ছিল। আরও আশঙ্কাজনক বিষয় হল, অনেক ক্ষেত্রেই দলবদ্ধভাবে এআই ব্যবহার করার প্রবণতা দেখা যাচ্ছে।

শনিবার কলকাতার বদরতলা হাই স্কুলে পরীক্ষা দিতে গিয়ে চার পরীক্ষার্থী ধরা পড়ে। তারা সকলেই গার্ডেনরিচ কেশোরাম কটন মিলস হাই স্কুলের ছাত্র। এছাড়া কোচবিহারে দু’জন এবং পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, হুগলি ও বাঁকুড়ায় একজন করে পরীক্ষার্থী মোবাইল-সহ ধরা পড়েছে।

তবে প্রশ্ন উঠছে, এত কড়া নজরদারির মধ্যেও পরীক্ষার্থীরা কীভাবে পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকছে? জানা গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই পরীক্ষার্থীরা অন্তর্বাসের ভিতরে বা জুতোর মধ্যে মোবাইল লুকিয়ে কেন্দ্রে ঢুকেছিল। প্রাথমিক তল্লাশিতে ধরা না পড়লেও পরে পরীক্ষাকক্ষে সন্দেহজনক আচরণ দেখে পরীক্ষকরা বিষয়টি ধরে ফেলেন।

মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় নকল নতুন নয়। প্রতি বছরই পর্ষদের কড়া সতর্কতার মধ্যেও কিছু পরীক্ষার্থী নকল করতে গিয়ে ধরা পড়ে। তবে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে যে নকলের ধরনও বদলে যাচ্ছে, তার স্পষ্ট প্রমাণ মিলল এবছরের এই ঘটনাগুলিতে। বই বা চিরকুট নয় জীবনের প্রথম বড় পরীক্ষায় সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়ার প্রবণতা শিক্ষাবিদ ও পর্ষদ কর্তাদের চিন্তা বাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *