বারুইপুরে সড়ক দুর্ঘটনায় মৃত ২
কি ২উ ইন্ডিয়া বাংলা :- বারুইপুরের রামনগর এলাকায় সোমবার দুপুরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়দের থেকে জানা যাচ্ছে, মুহূর্তেই দুই বাইক আরোহী সহ কার্তিক রাস্তায় ছিটকে পড়েন। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। তাঁরা আহতদের উদ্ধার করে তৎক্ষণাৎ বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা নাজিম ও কার্তিককে মৃত ঘোষণা করেন। তৃতীয় আহত মইদুলের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই নাজিম ও কার্তিকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে এবং এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে।
এই দুর্ঘটনায় নিহত কার্তিক মণ্ডলের আত্মীয় অভিষেক নস্কর আবেগতাড়িত কণ্ঠে জানান, “ও কাজ থেকে ফিরছিল। তখনই এই দুর্ঘটনা ঘটেছে। খুবই খারাপ লাগছে।”
রামনগর ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবু কাহার সর্দার বলেন, “১২টা নাগাদ মোহনের চায়ের দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে। ওই জায়গায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এদিন বাইক আর সাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। আমাদের পাড়ার তিনজনের মধ্যে দুজন মারা গিয়েছে, একজনকে পিজিতে পাঠানো হয়েছে। পুরো গ্রাম মর্মাহত।”
