World Bicycle Day : বিশ্ব সাইকেল দিবসে বাঁকুড়ার কোতুলপুরে বর্ণাঢ্য র্যালির বার্তা— ‘পেট্রোল নয়, সাইকেলই হোক ভরসা’ !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- বিশ্বজুড়ে পরিবেশ রক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং জ্বালানি সাশ্রয়ের গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর ৩ জুন পালিত হয় বিশ্ব সাইকেল দিবস। এই বিশেষ দিনকে স্মরণীয় করে তুলতে আজ ৭ই জুন বাঁকুড়ার কোতুলপুরে এক বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং কোতুলপুর ব্লক প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।
সকালের এই র্যালিতে উপস্থিত ছিলেন কোতুলপুর বিধানসভার বিধায়ক লক্ষীকান্ত মজুমদার, ব্লক প্রশাসনের আধিকারিকরা এবং কোতুলপুর থানার পুলিশ প্রশাসনের প্রতিনিধিরাও। পরিবেশবান্ধব জীবনযাত্রার বার্তা নিয়ে একাধিক মানুষ সাইকেলে চেপে কোতুলপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন। র্যালির শুরুতেই সকলের নজর কেড়ে নেয় বিধায়কের সাইকেলে থাকা একটি প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল – “পেট্রোল নয়, সাইকেলই হোক ভরসা”।
বর্তমান সময়ে জ্বালানির মূল্য এবং পরিবেশ দূষণের সমস্যার কথা তুলে ধরে বিধায়ক বলেন, পেট্রোলের উপর নির্ভরতা কমানো এখন সময়ের দাবি। দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জ্বালানি আমদানিতে ব্যয় হচ্ছে, ফলে অর্থনীতির উপরও তার প্রভাব পড়ে। তাই সাধারণ মানুষের মধ্যে সাইকেল ব্যবহারের প্রবণতা বাড়ানোর বার্তা জানিয়েছেন তিনি।সাইকেল শুধুমাত্র একটি যাতায়াতের মাধ্যম নয়, এটি সুস্থ জীবনযাপনেরও একটি অন্যতম সঙ্গী। নিয়মিত সাইকেল চালালে শরীরচর্চাও হয়, মানসিক চাপ কমে এবং পরিবেশও দূষণমুক্ত থাকে। সেই কারণেই সাইকেলকে ভবিষ্যতের টেকসই ও সাশ্রয়ী পরিবহন হিসেবে তুলে ধরা হয়েছে এই কর্মসূচির মাধ্যমে।
কোতুলপুর ইলেভেন বুলেটস ক্লাবের মাঠ থেকে শুরু হওয়া র্যালিটি গোটা এলাকাটি পরিক্রমা করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। অংশগ্রহণকারীদের উৎসাহ প্রমাণ করে যে পরিবেশ রক্ষা এবং স্বাস্থ্য সচেতনতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মানুষের আগ্রহ ক্রমশ বাড়ছে।
বিশ্ব সাইকেল দিবসের এই উদ্যোগ শুধু একটি র্যালির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা— সুস্থ শরীর, সবুজ পৃথিবী এবং উন্নত ভবিষ্যতের জন্য সাইকেলই হতে পারে সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান।
