আজকের দিনেতিলোত্তমা

‘ব্রিটিশদের থেকেও বেশি অত্যাচার করেছে তৃণমূল, বাংলায় দ্বিতীয় স্বাধীনতা’, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ২০২৬ সালে রাজ্যে পালাবদলের পর বাংলায় দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ মিলেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দমদমে বিজেপির রক্তদান শিবির থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, ব্রিটিশদের থেকেও বেশি অত্যাচার চালিয়েছে তৃণমূল।

কর্মীদের উদ্দেশে শুভেন্দু বলেন, “আপনারা ডাকাতকে হারিয়ে দিয়েছেন। এখন তোষণের রাজনীতি মুক্ত হয়েছে বাংলা। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।” তাঁর অভিযোগ, ৩৪ বছর বাম ও ১৫ বছর তৃণমূলের শাসনে বাংলা অনেক পিছিয়ে পড়েছে। নতুন করে রাজ্যকে গড়ে তুলতে হবে।

সরকার গঠনের ২৯ দিনের কাজের খতিয়ানও দেন মুখ্যমন্ত্রী। জানান, অন্নপূর্ণা যোজনায় ৫০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। জল জীবন মিশনের আওতায় বাড়ি বাড়ি জল পৌঁছচ্ছে। সীমান্ত সুরক্ষায় বিএসএফকে জমি দেওয়া হয়েছে। মেট্রোর কাজে গতি এসেছে এবং ওয়াটার মেট্রোয় ছাড়পত্র মিলেছে। ধীরে ধীরে সংকল্পপত্রের সব প্রতিশ্রুতি পূরণ হবে বলে আশ্বাস দেন তিনি।

দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে শুভেন্দু বলেন, “চোর, দুর্নীতিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ হয়েছে। রাজ্যে শাসকের আইন নয়, আইনের শাসন চলছে।” একাধিক গ্রেপ্তারের প্রসঙ্গও টানেন তিনি।

তৃণমূলকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, “ভাইপোর সব টেনিয়া পালিয়েছে। তৃণমূল পার্টিটা উঠে গিয়েছে। আমাদের কথা খরচ করতে হচ্ছে না। ওঁরা নিজেরাই.. বাকিটা আর বলছি না।”

নতুন সরকারের এক মাসও পূর্ণ হয়নি। এর মধ্যেই উন্নয়ন ও আইনশৃঙ্খলা নিয়ে বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী। পাল্টা তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। তবে শুভেন্দুর বক্তব্যে স্পষ্ট, আগামী দিনে রাজনৈতিক লড়াই আরও তীব্র হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *