TMC-BJP : ভোট মিটতেই গ্রেপ্তার কাউন্সিলর, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ !
কিউ ইন্ডিয়া বাংলা:- ভোটের প্রচারে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে গ্রেপ্তার হলেন বৈদ্যবাটির ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজু পাড়ুই ওরফে চন্ডে। শনিবার হুগলির বৈদ্যবাটি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার সূত্রপাত গত ২৬ এপ্রিল। দ্বিতীয় দফার ভোটের আগে বৈদ্যবাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের যাত্রাবাগে প্রচার করছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযোগ, সেই সময় দলবল নিয়ে সেখানে হাজির হন কাউন্সিলর রাজু পাড়ুই। বিজেপির দাবি, কর্মীদের ব্যাপক মারধর করা হয় এবং পরে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়। রাজ্যে পালাবদলের পর শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা স্নেহাংশু মোহান্ত। তিনি বলেন, ‘আমরা বাড়ি বাড়ি প্রচার করছিলাম। সেই সময়ে আমাদের উপরে চড়াও হন রাজু পাড়ুই, তারাপদ দাসরা। আমাদের বেধড়ক মারধর করা হয়।’ পরিবারকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ তাঁর। এফআইআর দায়েরের পর তদন্তে নেমে শনিবার বৈদ্যবাটি থেকে রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। শ্রীরামপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, তদন্ত চলছে। রবিবার ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলা হবে।
কাউন্সিলর রাজুর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।
