SUMIT ROY ARREST : অবশেষে গ্রেফতার অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়, অভিষেকের বাড়িতে অভিযান CID, এসটিএফ এর
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- সুপ্রিম কোর্টে রক্ষাকবচ খারিজ হতেই বড় পদক্ষেপ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে গ্রেফতার করা হল তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়কে (SUMIT ROY ARREST) । বাড়ি ঘিরে ফেলে অভিযান চালায় CID ও STF।
শালবনির জমি-দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুমিত রায় (SUMIT ROY ARREST)। আগাম জামিনের আবেদন হাইকোর্টে খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে শুনানি হয়। সওয়ালে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, জুন মাসে সুমিতের অ্যাকাউন্টে প্রায় ৭১ লক্ষ টাকা জমা পড়েছে এবং মোট প্রায় ১৫ কোটি টাকা লেনদেন হয়েছে, যার উৎস নিয়ে সন্দেহ রয়েছে। তদন্তে অসহযোগিতার অভিযোগে আদালত তার লিখিত জিজ্ঞাসাবাদের রেকর্ড তলব করে।
বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, “সময় এবং সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু সুমিত তদন্তে সহযোগিতা করেননি।” এরপরই তার রক্ষাকবচ বাতিল করা হয় (SUMIT ROY ARREST) । রায়ের পর বৃহস্পতিবার সকালে CID ও STF আধিকারিকরা অভিষেকের কালীঘাটের বাড়ি ও সুমিতের বাড়ি ঘিরে ফেলেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর ভিতরে ঢুকে তাকে গ্রেফতার করা হয়। এর আগেও একবার ওই বাড়িতে তালা ভেঙে তল্লাশি চালানো হয়েছিল, কিন্তু সুমিতের খোঁজ মেলেনি। সূত্রের খবর, তার উপর নজর রাখতে ছদ্মবেশে পুলিশ মোতায়েন করা হয়েছিল।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই গ্রেফতারি শালবনি জমি-দুর্নীতি মামলায় বড় মোড় বলে মনে করছে রাজনৈতিক মহল। তদন্তের পরবর্তী গতিবিধির দিকে এখন নজর সবার।
