শুভেন্দু মন্ত্রিসভার সম্প্রসারণ: লোকভবনে শপথ নিলেন ৩৫ জন মন্ত্রী
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের এক মাসের মধ্যেই সম্পন্ন হলো প্রথম মন্ত্রিসভা সম্প্রসারণ। সোমবার কলকাতার লোকভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের নতুন ৩৫ জন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আর. এন. রবি। গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী এবং আরও ৫ জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। আজকের এই মেগা সম্প্রসারণের পর রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১ জনে।
সকাল থেকেই রাজভবন ও লোকভবন চত্বরে ছিল উৎসবের আমেজ। এমএলএ হস্টেল থেকে একে একে সম্ভাব্য মন্ত্রীরা অনুষ্ঠানস্থলে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশ মন্ত্রীকেই এদিন ঐতিহ্যবাহী বাঙালি পোশাক ধুতি-পাঞ্জাবিতে দেখা যায়। অনেক মন্ত্রীই এই বিশেষ দিনে পাশে পেয়েছিলেন তাঁদের পরিবারকে। বন্দে মাতরম্ এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যসহ একাধিক শীর্ষ নেতৃত্ব।
মুখ্যসচিব মনোজ অগ্রবাল নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন। আজকের এই সম্প্রসারণে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন।
এক নজরে নতুন মন্ত্রীদের তালিকা:
পূর্ণমন্ত্রী (১৩ জন):
-
তাপস রায় (মানিকতলা)
-
দীপক বর্মণ (ফালাকাটা)
-
শঙ্কর ঘোষ (শিলিগুড়ি)
-
অর্জুন সিংহ (নোয়াপাড়া)
-
স্বপন দাশগুপ্ত (রাসবিহারী)
-
জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি)
-
মনোজ ওরাওঁ (কুমারগ্রাম)
-
গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ)
-
শারদ্বত মুখোপাধ্যায়
-
অরূপ কুমার দাস (কাঁথি দক্ষিণ)
-
কল্যাণ চক্রবর্তী (খড়দহ)
-
অজয় পোদ্দার (কুলটি)
-
দুধকুমার মণ্ডল (ময়ূরেশ্বর) (এছাড়াও তালিকায় নাম রয়েছে সজল ঘোষের)
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (৩ জন):
-
মালতি রাভা রায় (তুফানগঞ্জ)
-
রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর)
-
ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম)
প্রতিমন্ত্রী (১৯ জন): অশোক দিন্ডা (ময়না), কৌশিক চৌধুরী (রায়গঞ্জ), জুয়েল মুর্মু (হবিবপুর), হরেকৃষ্ণ বেরা (তমলুক), শান্তনু প্রামাণিক (ভগবানপুর), মৌমিতা বিশ্বাস মিশ্র (বর্ধমান দক্ষিণ), উমেশ রাই (হাওড়া উত্তর), পূর্ণিমা চক্রবর্তী (শ্যামপুকুর), ভাস্কর ভট্টাচার্য (শ্রীরামপুর), দিবাকর ঘরামি (সোনামুখি), নাদিয়ারচাঁদ বাউড়ি (পারা), গার্গী দাস ঘোষ (কান্দি), অমিয় কিস্কু (নয়াগ্রাম), কলিতা মাজি (আউশগ্রাম), বিরাজ বিশ্বাস (করণদিঘি), সুমনা সরকার (বলা গড়), আনন্দময় বর্মন (মাটিগাড়া-নকশালবাড়ি), বিশাল লামা (কালচিনি) এবং দীপঙ্কর জানা (কাকদ্বীপ)।
নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক: দলীয় সূত্রে জানা গেছে, শপথগ্রহণ পর্ব শেষ করেই নতুন মন্ত্রীরা নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন। আজ সোমবার বিকেল ৩টেয় নবান্নে নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করে দিতে পারেন।
উল্লেখ্য, গত ৪ মে প্রকাশিত রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফলে ২৯৪টি আসনের মধ্যে ২০৮টি আসনে জিতে ঐতিহাসিক জয়ী হয়েছিল বিজেপি। ৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রথম দফায় শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া ও ক্ষুদিরাম টুডু। এবার বাকি ৩৫ জনের অন্তর্ভুক্তিতে সরকারের প্রশাসনিক কাজ আরও গতি পাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
