Siliguri-Toto : শিলিগুড়ির মূল সড়কে টোটো নিষিদ্ধ, মাইকিং করে ঘোষণা পুলিশের — হিলকার্ট রোডে বিক্ষোভে চালকেরা !
কিউ ইন্ডিয়া বাংলা:- শিলিগুড়ি শহরে যানজট কমাতে বড় পদক্ষেপ নিল পুলিশ। সোমবার সকাল থেকেই মাইকিং করে জানানো হয়, মূল সড়কগুলিতে আর টোটো চলবে না। নির্দেশ কার্যকর করতে রাস্তায় নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। মূল রাস্তায় উঠলেই টোটো আটকে ঘুরিয়ে দেওয়া হয়। আর এই ঘোষণার পরেই ক্ষোভে ফেটে পড়েন টোটো চালকেরা।
যানজট নিয়ন্ত্রণে সোমবার সকাল থেকে শিলিগুড়ির হিলকার্ট রোড, সেবক রোড-সহ মূল সড়কগুলিতে টোটো চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে পুলিশ। মাইকিং করে জানানো হয়েছে, কোনোভাবেই মূল রাস্তায় টোটো উঠতে পারবে না। পুলিশি নজরদারিতে মূল সড়কে টোটো দেখলেই আটকে দেওয়া হচ্ছে।
এই সিদ্ধান্তের প্রতিবাদে হিলকার্ট রোড সংলগ্ন মাল্লাগুড়ি এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ দেখান বহু টোটো চালক। তাঁদের অভিযোগ, হঠাৎ করে এমন সিদ্ধান্তে রুজি-রোজগার বন্ধের মুখে। চালকদের বক্তব্য, শুধু গলিপথে টোটো চালিয়ে সংসার চালানো সম্ভব নয়। আয়ের বড় অংশই আসে মূল সড়কের যাত্রী থেকে।
একাধিক চালক জানান, আগের সরকারের আমলে এমন বাধার মুখে পড়তে হয়নি। কিন্তু নতুন নিয়মে জীবিকা সংকটে পড়েছেন তাঁরা। হঠাৎ নিষেধাজ্ঞায় চরম সমস্যায় পড়েছে শতাধিক পরিবার।
যানজট কমাতে শিলিগুড়ি পুলিশের টোটো নিষিদ্ধের সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়েছে চালকদের মধ্যে। রুটিরুজির প্রশ্ন তুলে পথে নেমেছেন তাঁরা। প্রশাসন বিকল্প রুট বা পুনর্বাসনের ব্যবস্থা না করলে আগামী দিনে বিক্ষোভ আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা।
